• ঢাকা
  • |
  • সোমবার ২১শে বৈশাখ ১৪৩৩ দুপুর ০২:০৬:০২ (04-May-2026)
  • - ৩৩° সে:
অর্থ আত্মসাতের দায়ে ব্যাংক কর্মকর্তার ১৫ বছরের কারাদণ্ড

অর্থ আত্মসাতের দায়ে ব্যাংক কর্মকর্তার ১৫ বছরের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে অর্থ আত্মসাতের দায়ে রূপালী ব্যাংকের সাবেক এক কর্মকর্তাকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।৮ এপ্রিল বুধবার দুপুরে নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক শওকত আলী এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।দণ্ডপ্রাপ্ত ব্যক্তি বেলায়েত হোসেন রূপালী ব্যাংক এর কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতেন।দুর্নীতি দমন কমিশন (দুদক) কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস জানান, বেলায়েত হোসেন ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া শাখায় ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। এ সময়ে তিনি ৫৬ জন গ্রাহকের স্বাক্ষর জাল করে বিভিন্ন উপায়ে ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ ২০১৬ সালের ৪ মে সোনাইমুড়ী থানায় একটি মামলা দায়ের করে। দীর্ঘ তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় দুদক ২০২৩ সালে আদালতে অভিযোগপত্র দাখিল করে।শুনানি শেষে আদালত অভিযুক্তকে দণ্ডবিধি ১৮৬০ এর ৪০৯ ধারায় ৫ বছর, ৪৬৮ ধারায় ৫ বছর এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর অধীনে আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।