বাসাইলে তেল মজুদ ও বেশি দামে বিক্রির দায়ে জরিমানা
বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল উপজেলার সদর ইউনিয়নের নাইকানীবাড়ী এলাকায় অবস্থিত একটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে তেল মজুদ ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির দায়ে দণ্ডিত হয়েছে।১৭ মার্চ মঙ্গলবার দুপুরে স্থানীয় প্রশাসনের উদ্যোগে তেল মজুদ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. আকলিমা বেগম। অভিযানে তার দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন। আইনশৃঙ্খলা রক্ষায় বাসাইল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিল।অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বুলবুল স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. আকলিমা বেগম জানান, সরকার নির্ধারিত মূল্যের বাইরে তেল বিক্রি ও অবৈধভাবে তেল মজুদ করা আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে ও ভোক্তাদের অধিকার রক্ষার জন্য এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। অতিরিক্ত দামে তেল বিক্রি বা অবৈধ মজুদ করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।