নেত্রকোণায় বিয়ের অনুষ্ঠানে সংঘর্ষে যুবক নিহত
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণা সদরের চল্লিশা এলাকায় বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্সের গান বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।১ জুন সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার বামনিকোণা সংসদ বাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে।নিহত ফয়সাল মিয়া (১৮) উপজেলার বামনিকোণা গ্রামের নজরুল ইসলামের ছেলে। আহতরা হলেন, রবিন (১৮), সৌরভ (১৮) ও সাদেকুল ইসলাম (৪২)। তারা সবাই বামনিকোণা গ্রামের বাসিন্দা।তাদের উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর অবস্থার অবনতি হলে ফয়সাল ও সাদেকুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।পুলিশ জানিয়েছে, বামনিকোণা গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে গান বাজানোকে কেন্দ্র করে ফয়সাল ও তার সঙ্গীদের সঙ্গে একই এলাকার কয়েকজনের কথাকাটাকাটি হয়।একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন বাঁশ দিয়ে তাদের মারধর করে গুরুতর আহত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ২ টার দিকে ফয়সাল মারা যান।নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার বলেন, হত্যায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালানোর পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।