• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে মাঘ ১৪৩২ রাত ০৮:২২:২৩ (07-Feb-2026)
  • - ৩৩° সে:
আজ বিশ্ব গোলাপ দিবস

আজ বিশ্ব গোলাপ দিবস

লাইফস্টাইল ডেস্ক: আজ ৭ ফেব্রুয়ারি—বিশ্ব গোলাপ দিবস বা রোজ ডে। ভালোবাসার সপ্তাহ শুরু হলো রোজ ডে দিয়ে। বিশ্বজুড়ে এই দিনটি পালিত হয় ভালোবাসা, অনুভূতি এবং সম্পর্কের উষ্ণতা উদযাপনের মাধ্যমে। গোলাপ শুধু একটি ফুল নয়; এটি প্রেম, আবেগ, শ্রদ্ধা এবং প্রশংসার প্রতীক। তাই যে কোনো বিশেষ মুহূর্তে গোলাপ হয়ে উঠতে পারে নিখুঁত উপহার। একটি ছোট্ট গোলাপও কখনো কখনো গভীর অনুভূতির ভাষা হয়ে দাঁড়ায়।বহু শতাব্দী ধরেই গোলাপ ভালোবাসার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ভিক্টোরিয়ান যুগে প্রিয় মানুষকে ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম ছিল গোলাপ উপহার দেওয়া। শুধু তাই না, রোমান যুগেও প্রেম ও আবেগের প্রতীক হিসেবে এই ফুলের ব্যবহার ছিল ব্যাপক। গ্রিক পুরাণেও গোলাপের সঙ্গে ভালোবাসার সম্পর্কের উল্লেখ পাওয়া যায়-কথিত আছে, গ্রিক দেবতা ইরস তার প্রিয় স্ত্রীকে ভালোবাসার নিদর্শন হিসেবে প্রায়ই লাল গোলাপ উপহার দিতেন।মজার বিষয় হলো, গোলাপের সংখ্যার মধ্যেও লুকিয়ে থাকে নানা অর্থ। একটি গোলাপ কৃতজ্ঞতা বা ধন্যবাদ জানানোর প্রতীক, দুটি গোলাপ প্রস্তাবের ইঙ্গিত হিসেবে ধরা হয়। লাল ও সাদা গোলাপ একসঙ্গে শান্তি ও সম্প্রীতির বার্তা বহন করে। ছয়টি গোলাপ ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে, আর ১১টি গোলাপ গভীর ও সত্যিকারের ভালোবাসার প্রতীক। তরুণদের মাঝে প্রচলিত ‘ক্রাশ’ ধারণার ক্ষেত্রেও রয়েছে বিশেষ অর্থ-১৩টি গোলাপ উপহার দিলে তা গোপন ভালোবাসার ইঙ্গিত হিসেবে ধরা হয়।গোলাপ শুধু প্রেম নিবেদনের জন্য প্রয়োজন হয় না। মা-বাবা, ভাই-বোন, বন্ধু কিংবা প্রিয় সহকর্মীকেও একটি গোলাপ উপহার দিয়ে জানিয়ে দেওয়া যায় আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতার কথা। ভালোবাসার প্রকাশ কখনোই এক সম্পর্কের মধ্যে আটকে থাকে না; এটি ছড়িয়ে পড়ে মানুষের প্রতিটি সম্পর্কের উষ্ণতায়।এই বিশ্ব গোলাপ দিবসে একটি ছোট্ট গোলাপই হয়তো হয়ে উঠতে পারে বড় ভালোবাসা, কৃতজ্ঞতা ও প্রেমের বাহক।