• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫০:৫৫ (07-Feb-2026)
  • - ৩৩° সে:
সূর্যবংশীর ব্যাটে ছারখার ইংল্যান্ড, ষষ্ঠবার বিশ্বচ্যাম্পিয়ন ভারত

সূর্যবংশীর ব্যাটে ছারখার ইংল্যান্ড, ষষ্ঠবার বিশ্বচ্যাম্পিয়ন ভারত

স্পোর্টস ডেস্ক: হারারেতে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ইংল্যান্ডকে ১০০ রানে গুঁড়িয়ে দিয়ে শিরোপা জিতেছে ভারত। আর এই জয়ের নায়ক ১৪ বছর বয়সী বিস্ময়বালক বৈভব সূর্যবংশী, যার ব্যাট থেকে এসেছে মাত্র ৮০ বলে ১৭৫ রানের এক টর্নেডো ইনিংস।আইপিএল ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে আগেই ইতিহাস গড়া সূর্যবংশী এদিন ইনিংস জুড়ে ১৫টি চার ও ১৫টি ছক্কা হাঁকান। তার ইনিংসের বিশেষত্ব ছিল, প্রথম ২৪ রান করতে কিছুটা সময় নিলেও পরের ১৫১ রান করেছেন মাত্র ৫৬ বলে। ২৬তম ওভারে ২৫১ রানে ভারতের তৃতীয় উইকেটের পতনের সময় এই বাঁহাতি ওপেনার ম্যাানি ল্যামসডেনের বলে ইংলিশ অধিনায়ক টমাস রিইউয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। শেষ পর্যন্ত ভারত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৪১১ রানের পাহাড় গড়ে।জবাবে রান তাড়া করতে নেমে দমে যায়নি ইংল্যান্ডও। ওপেনার বেন ডকিন্স ৬৬ রান করেন এবং মিডল অর্ডার ব্যাটার ক্যালেব ফ্যালকনার ৬৭ বলে ১১৫ রানের এক নান্দনিক ইনিংস খেলেন। তবে ৪১তম ওভারে ফ্যালকনার খিলান প্যাটেলের দুর্দান্ত ক্যাচে পরিণত হলে ৩১১ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। এর মাধ্যমে ভারত রেকর্ড ষষ্ঠবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল।ম্যাচসেরা ও টুর্নামেন্টসেরা নির্বাচিত হওয়া সূর্যবংশী এবারের আসরে ৭ ইনিংসে ৬২.৭১ গড়ে মোট ৪৩৯ রান করেছেন। নিজের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, আমার দক্ষতার ওপর বিশ্বাস ছিল যে বড় ম্যাচে আমি অবদান রাখতে পারব, আর আজ ঠিক সেটাই ঘটেছে।২০২৪ সালে মাত্র ১৩ বছর বয়সে অনূর্ধ্ব-১৯ অভিষেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৮ বলে সেঞ্চুরি করে আন্তর্জাতিক ক্রিকেটে হইচই ফেলে দিয়েছিলেন সূর্যবংশী। এরপর রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল অভিষেকে নিজের প্রথম বলটিকেই নির্ভয়ে ছক্কায় ভাসিয়ে বিশ্বমঞ্চে নিজের আগমনী বার্তা দেন তিনি। তার ৯ দিন পরেই গুজরাট টাইটানস বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে মাত্র ৩৫ বলে টুর্নামেন্ট ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি হাঁকান এই কিশোর। ২০১৩ সালে ক্রিস গেইলের করা ৩০ বলের সেঞ্চুরির ঠিক পরেই এখন তার অবস্থান।