• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই আষাঢ় ১৪৩৩ সকাল ১০:৪০:২১ (19-Jun-2026)
  • - ৩৩° সে:
লাইনচ্যুত বগি উদ্বারের পর ঢাকা-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

লাইনচ্যুত বগি উদ্বারের পর ঢাকা-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় জামালপুর-ঢাকা রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে উদ্ধার কাজ শেষে বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, ১০ জুন বুধবার সকালে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ শহরের কলেজ রোড রেলক্রসিং এলাকায় পৌঁছালে ট্রেনটির একটি পাওয়ার বগি লাইনচ্যুত হয়।এ ঘটনায় তাৎক্ষণিকভাবে জামালপুর-ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বিভিন্ন স্টেশনে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়। তবে উদ্ধার কার্যক্রম চলাকালে ময়মনসিংহ রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকায় উদ্ধারকারী ট্রেনের একটি বগিও লাইনচ্যুত হয়। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে এবং উদ্ধার কাজে কিছুটা বিলম্ব হয়।দীর্ঘ প্রচেষ্টার পর উদ্ধারকারী ট্রেনের লাইনচ্যুত বগিটি পুনরায় লাইনে তোলা হয়। পরে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের লাইনচ্যুত পাওয়ার বগিটিও সরিয়ে নেওয়া হয়।রেলওয়ে সূত্র জানায়, উদ্ধার কাজ সম্পন্ন করে বগি পুনরায় লাইনে সংযুক্ত করার পর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।