• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা বৈশাখ ১৪৩৩ রাত ১০:৫৫:৪২ (17-Apr-2026)
  • - ৩৩° সে:
কম দামে ওষুধ বিক্রি করায় ফার্মেসি বন্ধের অভিযোগ

কম দামে ওষুধ বিক্রি করায় ফার্মেসি বন্ধের অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় এক ভিক্ষুকের কাছে কম দামে ওষুধ বিক্রি করাকে কেন্দ্র করে একটি ফার্মেসি বন্ধ রাখার অভিযোগ উঠেছে স্থানীয় সমিতির নেতাদের বিরুদ্ধে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে।১৭ এপ্রিল শুক্রবার সকাল থেকে সমিতির নেতাদের আল্টিমেটামের মুখে ফার্মেসিটি বন্ধ রাখা হয় বলে অভিযোগ রয়েছে।অভিযোগ অনুযায়ী, উপজেলার প্রগতি মেডিকেল হল নামের একটি ফার্মেসি শুক্রবার সকাল থেকে বন্ধ রাখা হয়। ফার্মেসির পরিচালক সুদীপ্ত দাবি করেন, বৃহস্পতিবার এক অসহায় ভিক্ষুক কম দামে ওষুধ চাইলে মানবিক কারণে তিনি একটি ভিটামিন সিরাপ ৩৫০ টাকার পরিবর্তে ১০০ টাকায় বিক্রি করেন।এর জেরে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস অ্যাসোসিয়েশনের স্থানীয় নেতারা ক্ষুব্ধ হয়ে ফার্মেসি এক দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেন বলে অভিযোগ করেন তিনি। নির্দেশ অমান্য করলে জরিমানার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি তার।তবে অভিযোগ অস্বীকার করেছেন সমিতির সভাপতি ইব্রাহিম খলিল দুলাল। তিনি বলেন, দোকান বন্ধ রাখার কোনো নির্দেশনা দেওয়া হয়নি। বরং ভেজাল ওষুধ বিক্রির অভিযোগে ফার্মেসি কর্তৃপক্ষ নিজেরাই দোকান বন্ধ রেখেছে।তিনি আরও বলেন, দয়া দেখাতে চাইলে সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ দেওয়া উচিত ছিল।স্থানীয় একাধিক ওষুধ ব্যবসায়ী অভিযোগ করেন, সমিতির মাধ্যমে একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। তাদের সিদ্ধান্তের বাইরে গেলে জরিমানা করা হচ্ছে। এক ব্যবসায়ী জানান, এর আগে তার কাছ থেকেও বড় অঙ্কের জরিমানা আদায় করা হয়েছে।এ বিষয়ে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন, কোনো সমিতি বা সংগঠনের আইনগতভাবে প্রতিষ্ঠান বন্ধ বা জরিমানা করার ক্ষমতা নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।