বিচারপতি আব্দুল মান্নানকে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারপতি
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় একটি অনুষ্ঠানে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠার পর হাইকোর্টের বিচারপতি মো. আব্দুল মান্নানকে বিচারকাজ থেকে সরিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি।আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, প্রধান বিচারপতি সম্প্রতি হাইকোর্টের যে ৬৩টি বেঞ্চ গঠন করেছেন, সেখানে বিচারপতি আব্দুল মান্নানকে অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে তিনি আপাতত বিচারিক দায়িত্ব থেকে বিরত রয়েছেন।গত ৩ এপ্রিল ২০২৬ কুমিল্লায় এপেক্স ক্লাবের একটি অনুষ্ঠানে বিচারপতি আব্দুল মান্নান অংশ নেন। ওই অনুষ্ঠানে তার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণ, বিচারপতি পরিচয় ব্যবহার করে হুমকি প্রদান এবং বাগবিতণ্ডায় জড়ানোর অভিযোগ ওঠে। পরে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়।বিচারপতি মো. আব্দুল মান্নান ২০২৪ সালের ৯ অক্টোবর হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি পিরোজপুর জেলার জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন।সুপ্রিম কোর্ট সূত্র জানিয়েছে, বিষয়টি প্রশাসনিকভাবে পর্যালোচনার মধ্যে রয়েছে এবং পরবর্তী সিদ্ধান্ত পরে জানানো হতে পারে।