• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা চৈত্র ১৪৩২ রাত ০৯:৫৬:৪০ (17-Mar-2026)
  • - ৩৩° সে:
নারায়ণগঞ্জে প্রকাশ্যে মারধরের শিকার পুলিশ, গ্রেফতার ২

নারায়ণগঞ্জে প্রকাশ্যে মারধরের শিকার পুলিশ, গ্রেফতার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরে টহল ডিউটির সময় রেলওয়ে পুলিশ ফাঁড়ির এক উপপরিদর্শক (এসআই) ও এক কনস্টেবলকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে।১৫ মার্চ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের উকিলপাড়া রেললাইন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যায় এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দু’জনকে গ্রেফতার করে।গ্রেফতাররা হলেন নারায়ণগঞ্জ শহরে গলাচিপার বাসিন্দা অনিক (২৮) ও একই এলাকার বাবুর্চির বাড়ির বাসিন্দা মিস্টার (২৬)।পুলিশ জানায়, রেলওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই মিজানুর রহমান ও কনস্টেবল (কং/৩৭০) আরিফুল ইসলাম সকাল থেকে ফাঁড়ির আশপাশ এলাকায় দায়িত্ব পালন করছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে নিয়মিত টহলের সময় তারা উকিলপাড়া রেললাইনের পাশের হাঁটার পথে কয়েকজনকে মাদক সেবন করতে দেখেন। এ সময় গাঁজাসহ দুজনকে আটক করা হলে সেখানে থাকা আরও ৮-১০ জন পালিয়ে যায়।পরে পালিয়ে যাওয়া ব্যক্তিরা আবার ফিরে এসে এসআই মিজানুর রহমান ও কনস্টেবল আরিফুল ইসলামের ওপর হামলা চালায় এবং তাদের মারধর করে। হামলার সময় এসআই মিজানুর রহমানের ব্যবহৃত একটি মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়।নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদি জানান, এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং জড়িত অন্যদের শনাক্তে অভিযান চলছে। ঘটনার বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।প্রসঙ্গত, এর আগে গত ৯ ফেব্রুয়ারি ভোরে শহরের সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে থেকে পুলিশের পিস্তল ছিনতাই করে নিয়ে যায়  ছিনতাইকারীরা। উক্ত ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের অস্ত্র উদ্ধার হয় এবং এক ছিনতাইকারীকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।