পিলখানা ট্রাজেডি নিয়ে জামায়াত আমীরের ফেসবুক পোস্ট
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২৫ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে পিলখানা ট্রাজেডি নিয়ে মন্তব্য করেছেন।পোস্টে তিনি উল্লেখ করেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি জাতির জন্য একটি বেদনাদায়ক দিন। সেদিন ৫৭ জন সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এমনকি পরিবারের সদস্যদেরকেও হত্যা করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।তিনি লেখেন, ২০০৯ সালে তৎকালীন সরকার ক্ষমতায় আসার দুই মাসের কম সময়ের মধ্যেই এ ঘটনা ঘটে। এ ঘটনার দায় বিরোধী দলগুলোর ওপর চাপানোর চেষ্টা করা হয়েছিল, ফলে প্রকৃত রহস্য চাপা পড়ে যায়।পোস্টে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকারের আমলে গঠিত একটি কমিশন কিছু তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে এবং আংশিক সত্য বেরিয়ে এসেছে। এ সময় যারা সহকর্মীদের হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছিলেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।তিনি উল্লেখ করেন, ‘আমরা আজ গভীর শ্রদ্ধার সাথে সেই সমস্ত শহীদানদের স্মরণ করছি এবং তাদের আপনজন-প্রিয়জনদের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করছি। যদিও এই শোক ভুলে যাওয়ার মত নয়। তারপরেও মহান রবের দরবারে দো'য়া করি- আল্লাহ তা'আলা তাদেরকে সবর করার তাওফিক দান করুন এবং ন্যায়বিচার পাওয়া নিশ্চিত করুন।”