গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির সাবেক মন্ত্রী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। তিনি বর্তমানে গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।নিয়োগের পর এক প্রতিক্রিয়ায় ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী বলেন, “গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করায় আমি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জেলা পরিষদের কার্যক্রম পরিচালনা করতে চাই। গাজীপুরের সার্বিক উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং জনসেবাকে আরও গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করছি।”৩১ মার্চ মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব খোন্দকার ফরহাদ আহমদের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকগণ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট জেলা পরিষদের পূর্ণকালীন দায়িত্ব পালন করবেন।সংশ্লিষ্ট মহল মনে করছে, এ নিয়োগের মাধ্যমে গাজীপুর জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে।