সঞ্জয়-নোরার ‘সির সির’ গান প্রকাশ
বিনোদন ডেস্ক: ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর বেশি দেরি নেই। এরই মধ্যে বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনায় ভাসছেন সমর্থকরা। তবে এবারের আসরে বাংলাদেশের জন্য এসেছে বিশেষ এক যোগসূত্র বিশ্বকাপের অফিসিয়াল সংগীত অ্যালবামে জায়গা পেয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান শিল্পী সঞ্জয়ের গান।ফুটবল বিশ্বকাপ উপলক্ষে তৈরি করা ‘সির সির’ শিরোনামের গানটি সোমবার সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে। গানে সঞ্জয়ের সঙ্গে রয়েছেন বলিউড তারকা নোরা ফাতেহি এবং ফরাসি শিল্পী ভেজড্রিম। গানটির ভিডিওতে ফুটবল-উৎসবের আবহ, নৃত্য ও গ্ল্যামারের সমন্বয় দেখা গেছে।ভিডিওতে একঝাঁক নৃত্যশিল্পীর সঙ্গে পারফর্ম করেছেন নোরা ফাতেহি। পাশাপাশি উপস্থিত ছিলেন সঞ্জয় ও ভেজড্রিমও। প্রকাশের পর থেকেই গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক সাড়া পাচ্ছে। দর্শক-শ্রোতারা বিশেষ করে এর মিউজিক ও কোরিওগ্রাফির প্রশংসা করছেন।গানটি ফেসবুকে শেয়ার করে সঞ্জয় লিখেছেন, কয়েক মাসের পরিশ্রম এবং বিভিন্ন দেশের শিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা মিলিয়ে এই প্রজেক্ট তৈরি হয়েছে। তিনি ভক্তদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছেন বলে জানান।বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবামের অংশ হওয়ায় এটি প্রথমবারের মতো কোনো বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পীর জন্য বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। শুধু তাই নয়, আসন্ন ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও পারফর্ম করবেন এই শিল্পীরা।আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে তিনটি আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। সেখানে সঞ্জয়ের পাশাপাশি পারফর্ম করবেন আন্তর্জাতিক তারকা ক্যাটি পেরি এবং লিজার মতো শিল্পীরা।শ্রীমঙ্গলে জন্ম নেওয়া সঞ্জয় শৈশব কাটিয়েছেন চট্টগ্রামে। পরে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং আন্তর্জাতিক সংগীত অঙ্গনে কাজ শুরু করেন। এবারের বিশ্বকাপ প্রকল্পে তার যুক্ত হওয়া তাই বাংলাদেশি সংগীতাঙ্গনের জন্যও বিশেষ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।