• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২২শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৩:৫০ (05-May-2026)
  • - ৩৩° সে:
রাজধানীতে ডিইএব’র নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

রাজধানীতে ডিইএব’র নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব)-এর ডিপিডিসি শাখার নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।৩০ মার্চ সোমবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ মীর হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রকৌশলী মো. ওবাইদুল আলমের সঞ্চালনায় সভায় ডিপিডিসিতে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের বিভিন্ন পেশাগত সমস্যা ও দাবিদাওয়া নিয়ে আলোচনা হয়।সভায় বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে নানা অজুহাতে ডিপিডিসিতে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের পদোন্নতি থেকে বঞ্চিত করা হচ্ছে, যা অন্যায্য ও হতাশাজনক। তারা বলেন, ২০১৭ সালে প্রণীত ইউনিফায়েড সার্ভিস রুলসের মাধ্যমে বিদ্যুৎ খাতে ভাইভা পদ্ধতি চালুর ফলে প্রকৃত মেধাবী ও যোগ্য কর্মকর্তারা বঞ্চিত হচ্ছেন। এর ফলে ক্ষমতাবানদের প্রভাব বেড়ে গেছে এবং ডিপিডিসিসহ সরকারি মালিকানাধীন বিদ্যুৎ খাতে অস্থিরতা সৃষ্টি হয়েছে।ডিইএব নেতৃবৃন্দ মনে করেন, এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সিনিয়রিটির ভিত্তিতে পদোন্নতি নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি ২০০৮ সালে ডেসা বিলুপ্ত করে ডিপিডিসি গঠনের সময় বিএনপি-জামায়াত ট্যাগ দিয়ে মাস্টাররোলে কর্মরত ৪১ জন উপ-সহকারী প্রকৌশলীসহ মোট ১,৩৪৩ জন কর্মকর্তা-কর্মচারীকে নিয়মিত করা হয়নি বলেও অভিযোগ করা হয়। এছাড়া ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত নিয়মিত ইনক্রিমেন্ট না দেওয়ার বিষয়টিও সভায় তুলে ধরা হয়।নেতৃবৃন্দ এসব বঞ্চনার প্রতিকার দাবি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে বিগত সরকারের আমলে উন্নয়ন প্রকল্পের নামে সংস্থার বিপুল অর্থ অপচয় ও দুর্নীতির অভিযোগে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী এস এম কালাম হোসেন, সাংগঠনিক সদস্য প্রকৌশলী মজিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মনিরুজ্জামান টুটুল, বিএম সাইফুল ইসলাম, জিয়াউর রহমান, আব্দুল কাদের, যুগ্ম সদস্য সচিব হোসাইন রেজা, সদস্য (প্রচার) প্রকৌশলী মঞ্জুর হোসেন, সদস্য (অর্থ) প্রকৌশলী আজম বিশ্বাস, সদস্য (দপ্তর) প্রকৌশলী ইয়ামিন সর্দারসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। শেষে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।