শুটিং সেটে ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগ অভিনেত্রী আয়েশার
বিনোদন ডেস্ক: অনলাইন হয়রানি ও ধর্ষণের হুমকির ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ করে আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী আয়েশে খান। তিনি জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই তাকে যৌন হয়রানিমূলক মন্তব্য ও ধর্ষণের হুমকির মুখে পড়তে হয়।সম্প্রতি এক সাক্ষাৎকারে আয়েশা খান বলেন, ইনস্টাগ্রামে প্রায়ই তার শরীর ও পোশাক নিয়ে অশালীন মন্তব্য করা হয়। সাধারণ টপ বা স্কার্ট পরলেও অনেকেই নেতিবাচক প্রতিক্রিয়া দেন। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ছবি বা পোস্ট দেওয়ার আগে তাকে বারবার ভাবতে হয়।অভিনেত্রীর ভাষ্য, ‘মানুষ যদি সুযোগ পেত, তাহলে হয়তো অনেকেই এমন কাজ করে ফেলত।’ তিনি বলেন, প্রতিদিন ধর্ষণের হুমকিসহ অশ্লীল বার্তা পান এবং ফোন খুললেই এসব বার্তা দেখতে হয়। সময়ের সঙ্গে সঙ্গে বিষয়টি তার কাছে যেন এক ধরনের স্বাভাবিক অভিজ্ঞতায় পরিণত হয়েছে।আয়েশা খান অতীতে এক ভয়ংকর ধর্ষণচেষ্টার ঘটনাও স্মরণ করেন, যা তাকে এখনো মানসিকভাবে নাড়া দেয়। সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন এবং জানান, কিছু ঘটনা পুরোনো মানসিক ক্ষতকে আবারও জাগিয়ে তোলে।এছাড়া একটি শুটিং সেটে এক স্পটবয়ের মাধ্যমে হয়রানির শিকার হওয়ার ঘটনাও তুলে ধরেন তিনি। আয়েশা জানান, ইনস্টাগ্রামে পাওয়া ডাইরেক্ট মেসেজ ও ভয়েস নোটের মাধ্যমে প্রথম বিষয়টি বুঝতে পারেন। পরে পরিবার ও প্রযোজনা টিমকে জানালে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।প্রসঙ্গত, ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত আলোচিত বলিউড চলচ্চিত্র ‘ধুরন্ধর’-এর ‘শররাত’ গানে পারফর্ম করে ব্যাপক প্রশংসা পান আয়েশা খান। বর্তমানে নতুন কয়েকটি প্রকল্পের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।