• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:০৮:১২ (19-Jun-2026)
  • - ৩৩° সে:
মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের পদত্যাগ

মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ইরান যুদ্ধ ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে মতবিরোধের মধ্যেই তাঁর এই বিদায় ঘটছে।এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত ট্রাম্পকে লেখা এক চিঠিতে গ্যাবার্ড জানান, তাঁর স্বামী আব্রাহাম উইলিয়ামসের বিরল ধরনের হাড়ের ক্যান্সার ধরা পড়েছে। পরিবারের পাশে থাকার প্রয়োজনেই তিনি আগামী ৩০ জুন থেকে কার্যকরভাবে পদত্যাগ করছেন।৪৫ বছর বয়সী গ্যাবার্ড বলেন, স্বামীর চিকিৎসা ও এই কঠিন সময়ে তাঁকে পূর্ণ সমর্থন দেওয়ার জন্য জনসেবা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।পদত্যাগের পর ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’-এ গ্যাবার্ডের প্রশংসা করে বলেন, তিনি ‘অবিশ্বাস্য রকমের চমৎকার কাজ’ করেছেন। একইসঙ্গে ট্রাম্প জানান, ডেপুটি পরিচালক অ্যারন লুকাস ভারপ্রাপ্ত জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।সাবেক ডেমোক্র্যাট নেতা গ্যাবার্ড দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের বিদেশি সামরিক হস্তক্ষেপের সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। বিশেষ করে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার বিরোধিতা করে তিনি আলোচনায় আসেন। সাম্প্রতিক সময়ে ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের অবস্থানের সঙ্গে তাঁর দূরত্ব আরও স্পষ্ট হয়ে ওঠে।গ্যাবার্ড এর আগে মার্কিন কংগ্রেস সদস্য ছিলেন এবং ইরাক যুদ্ধে আর্মি ন্যাশনাল গার্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। তাঁর এই অভিজ্ঞতাই দীর্ঘমেয়াদি বিদেশি যুদ্ধের বিরুদ্ধে অবস্থান গড়ে তুলতে ভূমিকা রেখেছে বলে মনে করা হয়।সূত্র: রয়টার্স, এএফপি