• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই ফাল্গুন ১৪৩২ রাত ০৮:৩৭:০৭ (26-Feb-2026)
  • - ৩৩° সে:
নোয়াখালী-২ এমপি জয়নুল আবদিন ফারুকের স্ত্রীর দাফন সম্পন্ন

নোয়াখালী-২ এমপি জয়নুল আবদিন ফারুকের স্ত্রীর দাফন সম্পন্ন

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের ছয়বার নির্বাচিত সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক এর স্ত্রী কানিজ ফাতেমা (৭৩) এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় স্থানীয় শিবপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সাড়ে ১১টার দিকে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।জানাজায় উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ) আসনের এমপি ফখরুল ইসলাম, নোয়াখালী জেলা প্রশাসক (ডিসি) মো. শরিফুল ইসলাম, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নুর পোয়ার বেগম, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক, উপজেলা জামায়াতের আমির মাওলানা ইয়াছিন করিম, উপজেলা জাতীয় পার্টির সেক্রেটারী ফয়জুল ইসলাম চৌধুরী এবং অন্যান্য রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী।এছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী ও পেশার হাজার হাজার মানুষ জানাজায় অংশ নেন।কানিজ ফাতেমা গত ১৭ ফেব্রুয়ারি থেকে অসুস্থ্য অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। ৯ দিন চিকিৎসার পর ২৫ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্বামী, দুই মেয়ে এবং নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।প্রথম জানাজা বুধবার বাদ যোহর ঢাকার নিকুঞ্জ-১ এলাকায় অনুষ্ঠিত হয়। লাশ ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে সেনবাগের গ্রামের বাড়িতে পৌঁছানোর আগেই শতশত মানুষ ভিড় জমায়। দ্বিতীয় জানাজা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় এবং হেফাজতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমিন মাওলানা মহি আউদ্দিন রাব্বানী নামাজে নেতৃত্ব দেন।জানাজার শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী অফিসার নুর পোয়ার বেগম এবং সেনবাগ থানা পুলিশের পক্ষ থেকে ওসি মো. আবুল বাশার কবরে পুষ্পমাল্য অর্পণ করেন।