নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট
নারায়ণগঞ্জ প্রতিনিধি: ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চায়ের দোকানসহ আশপাশের কয়েকটি স্থাপনা পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।২৪ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সস্তাপুর এলাকায়, জেলখানার পাশেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে একটি ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে পাশের চায়ের দোকান, একটি মোটরসাইকেল দোকান এবং আরও কয়েকটি গোডাউনে। এতে একাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।গার্মেন্টসের ঝুটে আগুন লাগায় মুহূর্তেই লেলিহান শিখা ছড়িয়ে পড়ে এবং আগুনের তীব্রতা অনেক দূর থেকেও দেখা যায়। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা দগ্ধ হওয়ার খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, আগুন নিয়ন্ত্রণে তাদের সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। আগুনের উৎস সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি বলে তিনি জানান।