• ঢাকা
  • |
  • সোমবার ১লা আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪২:২৫ (15-Jun-2026)
  • - ৩৩° সে:
গণপরিবহনে ১ আগস্ট থেকে জিপিএস বাধ্যতামূলক

গণপরিবহনে ১ আগস্ট থেকে জিপিএস বাধ্যতামূলক

ডেস্ক রিপোর্ট: দেশের সব গণপরিবহনে আগামী ১ আগস্ট থেকে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) সংযুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। নিরাপদ ও আধুনিক সড়ক পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।সম্প্রতি এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত করতে হবে এবং তা সার্বক্ষণিকভাবে সচল রাখতে হবে। যাত্রী নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।বিআরটিএ জানায়, জিপিএস সংযুক্তির কারিগরি নির্দেশনা সংশ্লিষ্ট স্থানীয় কার্যালয় থেকে পাওয়া যাবে এবং সংস্থাটির ওয়েবসাইট www.brta.gov.bd থেকেও বিস্তারিত জানা যাবে।এতে আরও বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী গণপরিবহনে জিপিএস সংযুক্তকরণ নিশ্চিত করার পরই যানবাহনের রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।বিআরটিএ আশা করছে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে সড়কে যানবাহনের গতিবিধি নজরদারি সহজ হবে এবং যাত্রীসেবা আরও নিরাপদ ও নিয়ন্ত্রিত হবে।