• ঢাকা
  • |
  • রবিবার ৭ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৩:১৮:১৩ (21-Jun-2026)
  • - ৩৩° সে:
এবার সচিবের কাছে ‘রেলবন্দর’ চাইলেন জামায়াতের সেই এমপি

এবার সচিবের কাছে ‘রেলবন্দর’ চাইলেন জামায়াতের সেই এমপি

ডেস্ক রিপোর্ট: সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটের জন্য ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন চেয়ে সম্প্রতি আলোচনায় আসা চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ড. মিজানুর রহমান এবার নিজ এলাকায় একটি পূর্ণাঙ্গ রেলবন্দর গড়ে তোলার দাবি জানিয়েছেন।দৈনিক ইত্তেফাকের প্রতিবেদন থেকে জানা যায়, ১৯ জুন শুক্রবার বিকেলে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে গেলে তিনি এ দাবি উত্থাপন করেন।এর আগে, গত ১৭ জুন বুধবার জাতীয় সংসদ অধিবেশনে বাজেট আলোচনায় সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটে পর্দা, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেনের মতো সুবিধা নিশ্চিত করার প্রস্তাব দিয়ে তিনি দেশজুড়ে আলোচনার জন্ম দেন।রেলস্টেশন পরিদর্শনকালে এমপি মিজানুর রহমান রহনপুর রেলওয়ে স্টেশনকে পূর্ণাঙ্গ রেলবন্দর হিসেবে উন্নীত করার যৌক্তিকতা তুলে ধরেন। একই সঙ্গে তিনি রহনপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চালু, রাজশাহী-রহনপুর রুটে ট্রেনের সংখ্যা বৃদ্ধি, বিদ্যমান ট্রেনগুলোর বগি বাড়ানো, দ্বিতীয় প্ল্যাটফর্ম ও ওভারব্রিজে শেড নির্মাণ এবং একটি ওয়াশফিড চালুর দাবি জানান।এ সময় রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের নেতারাও উপস্থিত ছিলেন। তারা রেলসচিবের কাছে ১০ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন।পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমপি মিজানুর রহমান বলেন, রহনপুর রেলওয়ে স্টেশনের দুটি লাইন সম্প্রসারণের বিষয়ে সচিবকে অনুরোধ করা হয়েছে। তিনি সব দাবি মনোযোগ দিয়ে শুনেছেন এবং পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি। পাশাপাশি ঢাকার সঙ্গে সংযোগ বাড়াতে রাজশাহী পর্যন্ত শাটল ট্রেন চালুর দাবিতেও ইতিবাচক সাড়া মিলেছে বলে তিনি উল্লেখ করেন।তিনি আরও বলেন, রহনপুর স্টেশন থেকে প্রতি মাসে প্রায় ৩ কোটি টাকা রাজস্ব আদায় হয়। অবকাঠামো উন্নয়ন করা গেলে এই আয় আরও বাড়বে। তার মতে, রহনপুরে রেলবন্দর বাস্তবায়ন হলে এটি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্রে পরিণত হতে পারে।