• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে বৈশাখ ১৪৩৩ রাত ০১:১১:৫৭ (05-May-2026)
  • - ৩৩° সে:
শ্রীপুরে মাদ্রাসাছাত্রী অপহরণের পর উদ্ধার, গ্রেফতার ৭

শ্রীপুরে মাদ্রাসাছাত্রী অপহরণের পর উদ্ধার, গ্রেফতার ৭

স্টাফ রিপোর্টার: গাজীপুরের শ্রীপুর উপজেলায় নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী অপহরণের ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তবে প্রধান অভিযুক্তসহ আরও কয়েকজন পলাতক রয়েছে।১৮ এপ্রিল শনিবার ভোর সাড়ে ৬টার দিকে শ্রীপুরের এমসি বাজার এলাকা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় প্রধান আসামি আবিদসহ তার সহযোগীরা পালিয়ে যায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল সকাল আনুমানিক ৮টার দিকে মাদ্রাসায় যাওয়ার পথে শ্রীপুর পৌরসভার মাওনা ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকা থেকে ১৬ বছর বয়সী ওই ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যায় প্রধান অভিযুক্ত মো. আবিদ (২১) ও তার সহযোগীরা।পরিবারের চাপের মুখে পরদিন ১৫ এপ্রিল সকালে অভিযুক্ত আবিদ ভিকটিমকে তার পিতার বাড়িতে ফিরিয়ে দেয়। এ সময় স্থানীয়ভাবে একটি সালিস বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। পরে একই দিন বেলা প্রায় ১১টার দিকে অভিযুক্তরা পুনরায় ভিকটিমকে তার নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এ সময় বাধা দিলে ভিকটিমের স্বজনদের ওপর হামলা ও মারধরের অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় ভিকটিমের পিতা হাদিউল ইসলাম বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি আবিদসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির উদ্দিন জানান, প্রধান আসামিসহ পলাতক অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন জানান, উদ্ধার ভিকটিমকে মেডিকেল পরীক্ষা, বয়স নির্ধারণ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।