• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৭শে মাঘ ১৪৩২ রাত ১২:২১:২২ (10-Feb-2026)
  • - ৩৩° সে:
নবীনগরে বিএনপি প্রার্থীর সঙ্গে অস্ত্রধারী গানম্যানের ছবি ভাইরাল

নবীনগরে বিএনপি প্রার্থীর সঙ্গে অস্ত্রধারী গানম্যানের ছবি ভাইরাল

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিএনপি প্রার্থীর সঙ্গে অস্ত্রধারী এক গানম্যানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার ঘটনায় ওই গানম্যানকে অস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী। তবে গানম্যানের মালিক প্রবাসী এক ব্যবসায়ীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।৯ ফেব্রুয়ারি সোমবার বেলা ১১টার দিকে উপজেলার টিয়ারা এলাকা থেকে প্রবাসী ব্যবসায়ী আতিকুর রহমান শিশুসহ তার গানম্যানকে প্রথমে আটক করে যৌথবাহিনী। পরে তাদের নবীনগর থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় নবীনগর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম এ মান্নান উপজেলার পূর্বাঞ্চলে একটি নির্বাচনী জনসভা শেষে নবীনগরে ফিরছিলেন। এ সময় টিয়ারা গ্রামের বাসিন্দা প্রবাসী ও ধনাঢ্য ব্যবসায়ী আতিকুর রহমান শিশু তার ব্যক্তিগত গানম্যান কেরামত আলীকে সঙ্গে নিয়ে বিএনপি প্রার্থীর পাশে অবস্থান করেন।স্থানীয়দের দাবি, ওই সময় বিএনপি প্রার্থীর সঙ্গে অস্ত্রধারী গানম্যানসহ তোলা একটি ছবি প্রতিপক্ষের লোকজন ফেসবুকে পোস্ট করলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। বিষয়টি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে নবীনগর সেনা ক্যাম্পের ইনচার্জ মেজর সানিউল আলমের নেতৃত্বে সেনাসদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে।পুলিশ জানায়, খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্বাচন কমিশন কর্তৃক গঠিত নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান আখতার জাবেদ নবীনগর থানায় উপস্থিত হন। পরবর্তীতে গানম্যান কেরামত আলীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে কারাগারে পাঠানো হয়। অপরদিকে প্রবাসী ব্যবসায়ী আতিকুর রহমান শিশুর কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।এ বিষয়ে নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘উদ্ধার করা অস্ত্রটি বৈধ হলেও নির্বাচনী সময়ে প্রকাশ্যে অস্ত্র বহনের জন্য গানম্যানের কোনো অনুমতি ছিল না। সে কারণে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। তবে অস্ত্রের মালিক প্রবাসী ব্যবসায়ী হওয়ায় তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’