পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার দুজন এবং অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।৩ মার্চ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌফিক আহমেদ।প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলমকে টুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। তার স্থলে পুলিশ অধিদফতরের ডিআইজি মোস্তাফিজুর রহমানকে বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।এ ছাড়া ৫ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হারুন-অর-রশিদকে রাজশাহীর বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ), সারদায় বদলি করা হয়েছে।প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।