• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ১২:৫৩:৩২ (12-Jun-2026)
  • - ৩৩° সে:
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সম্ভাব্য সূচি প্রকাশ

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সম্ভাব্য সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক: ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। সূচি অনুযায়ী, টুর্নামেন্ট শুরু হবে ৪ অক্টোবর এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর।আইসিসি গত মে মাসে আহমেদাবাদে অনুষ্ঠিত বোর্ড সভায় এই সময়সূচি নীতিগতভাবে অনুমোদন দিয়েছে। চূড়ান্ত অনুমোদন আসতে পারে জুলাইয়ে এডিনবার্গে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সাধারণ সভায় (এজিএম)।ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, মোট ৫৪ ম্যাচের এই বিশ্বকাপে সাউথ আফ্রিকা অন্তত ৪১টি ম্যাচ আয়োজন করবে। জিম্বাবুয়ে ৮ থেকে ১০টি ম্যাচের দায়িত্ব পেতে পারে, আর নামিবিয়া আয়োজন করবে তিনটি ম্যাচ।জিম্বাবুয়ের জন্য সুখবর হলো, দেশটি তিনটি ভেন্যু ব্যবহার করবে। হারারে স্পোর্টস ক্লাব ও বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবের সঙ্গে যুক্ত হচ্ছে ভিক্টোরিয়া ফলসের নতুন স্টেডিয়াম। চলতি বছরের শেষ দিকে স্টেডিয়ামটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা। আগামী মে মাসে আনুষ্ঠানিক উদ্বোধনের আগে সেখানে ঘরোয়া ক্রিকেটও আয়োজন করা হবে।২০০৩ সালের পর এই প্রথম আফ্রিকায় ফিরছে পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ। এর মধ্যে সাউথ আফ্রিকা ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০০৯ সালের চ্যাম্পিয়নস ট্রফি এবং ২০২৩ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছে।জিম্বাবুয়ে ও নামিবিয়া সম্প্রতি যৌথভাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করেছে। আগের দুই আসরে ১০ দল অংশ নিলেও, ২০২৭ সালের বিশ্বকাপে ফিরছে ১৪ দলের ফরম্যাট। দলগুলোকে দুই গ্রুপে ভাগ করা হবে, প্রতি গ্রুপে সাতটি দল। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিন দল উঠবে সুপার সিক্স পর্বে।সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি বিশ্বকাপে খেলবে, কারণ তারা পূর্ণ সদস্য। নামিবিয়াকে বাছাইপর্ব পেরিয়ে জায়গা করতে হবে।