• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আষাঢ় ১৪৩৩ রাত ০৯:৫৪:০২ (18-Jun-2026)
  • - ৩৩° সে:
জামায়াতের নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, সংসদে উত্তেজনা

জামায়াতের নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, সংসদে উত্তেজনা

অনলাইন ডেস্ক: জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর নারী সংসদ সদস্যদের নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তার বক্তব্যকে কেন্দ্র করে সংসদে হট্টগোল ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।১৪ জুন রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং প্রথম বাজেট অধিবেশনের ষষ্ঠ দিনে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি জামায়াতে ইসলামীর সমালোচনা করেন। এ সময় তিনি একটি পুরোনো ব্যক্তিগত অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে নারী সংসদ সদস্যদের পোশাক ও পর্দা বিষয়ে মন্তব্য করলে বিরোধী দলের সদস্যরা তীব্র প্রতিবাদ জানান।প্রতিবাদের একপর্যায়ে সংসদ সদস্যরা আসন ছেড়ে দাঁড়িয়ে আপত্তি জানান এবং অধিবেশন কক্ষে হট্টগোল শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডেপুটি স্পিকার কায়সার কামাল একাধিকবার সদস্যদের শান্ত হওয়ার আহ্বান জানান।পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্পিকার মনিরুল হক চৌধুরীকে ব্যক্তিগত স্বাধীনতা ও ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য না করার জন্য সতর্ক করেন। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট বক্তব্যের আপত্তিকর অংশ সংসদীয় কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ (বাদ) করার নির্দেশ দেন।স্পিকার বলেন, ‘আমরা সবাই জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। আমাদের নিজেদের শালীনতা ও মর্যাদা বজায় রাখতে হবে। জাতীয় সংসদ কোনো ব্যক্তিগত আক্রমণ বা ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে মন্তব্য করার স্থান নয়।’পরবর্তীতে মনিরুল হক চৌধুরী সংসদে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, তার বক্তব্যের কোনো অংশে যদি কারও আত্মসম্মানে আঘাত লেগে থাকে, তবে সেই অংশ কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার অনুরোধ জানান।বিতর্কিত মন্তব্যের বাইরে বাজেট আলোচনায় তিনি বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেন। পাশাপাশি কুমিল্লা-ঢাকা রেললাইন প্রকল্প গ্রহণ এবং সিলেট-নোয়াখালীর যোগাযোগ সহজ করার উদ্যোগের জন্য সরকারকে ধন্যবাদ জানান।তবে সংসদে তার মন্তব্যকে ঘিরে সৃষ্ট উত্তেজনা ও বিশৃঙ্খলার কারণে দিনের বাজেট আলোচনা অনেকটাই আড়ালে পড়ে যায় এবং বিষয়টি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।