নির্মাতা এফ আই মানিক সড়ক দুর্ঘটনায় আহত
বিনোদন ডেস্ক: সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ঢাকাই ছবির সফল নির্মাতা এফ আই মানিক।৬ জুলাই সোমবার রাতে রাজধানীর হাতিরঝিলে দুর্ঘটনার শিকার হন তিনি। খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আরেক নির্মাতা অপূর্ব রানা। এছাড়া এফ আই মানিকের ঘনিষ্ঠজন হৃদয় খান বাদশাহও জানিয়েছেন ফেসবুকে।অর্পুব রানা জানান, নিকেতনে নিজের বাসায় ফিরছিলেন এফ আই মানিক। বেগুনবাড়ি মোড় অতিক্রম করে হাতিরঝিল গোলচক্কর থেকে নিকেতন রোডে প্রবেশের সময় পেছন থেকে দ্রুতগতির একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এফ আই মানিকের বাম হাত ভেঙে গেছে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে ক্ষত রয়েছে। দুর্ঘটনার পরই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে চলছে চিকিৎসা। বিস্তারিত জানা যাবে পরীক্ষা-নিরীক্ষার পর।এদিকে বাদশাহ তার ফেসবুক মারফত জানিয়েছেন, দুর্ঘটনার পরই তাকে ফোন করেন এফ আই মানিক। এরপর দ্রুত তিনি ঘটনাস্থলে পৌঁছান এবং নির্মাতাকে হাসপাতালে নিয়ে যান।উল্লেখ্য, ঢালিউডে বেশ কিছু সফল ও দর্শকপ্রিয় ছবি উপহার দিয়েছেন এফ আই মানিক। তার ছবি ‘কোটি টাকার কাবিন’ দিয়েই তারকা খ্যাতি পান শাকিব খান ও অপু বিশ্বাস। এছাড়াও তিনি বানিয়েছেন ‘স্বপ্নের বাসর’, ‘চাচ্চু’, ‘দাদীমা’র মতো তুমুল জনপ্রিয় ছবি।পাশাপাশি তিনি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০১১-১২ মেয়াদে মহাসচিবের দায়িত্ব পালন করেছেন।