• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ দুপুর ০১:৫১:০৮ (20-Mar-2026)
  • - ৩৩° সে:
শ্রীপুরে প্রতিহিংসার বলি ১২০০ হাঁস: নিঃস্ব তরুণ উদ্যোক্তা

শ্রীপুরে প্রতিহিংসার বলি ১২০০ হাঁস: নিঃস্ব তরুণ উদ্যোক্তা

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা হাতেম আলীর ছেলে ও তরুণ উদ্যোক্তা মাসুদ রানার প্রায় ১,২০০ হাঁসের বাচ্চাকে বিষ প্রয়োগ করে মেরে ফেলার অভিযোগ উঠেছে। এতে ওই উদ্যোক্তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।​দীর্ঘদিন ধরে নিজের ও পরিবারের সচ্ছলতা ফেরাতে হাঁস পালনের ব্যবসা করে আসছিলেন মাসুদ রানা। সেই ধারাবাহিকতায়, অধিকতর ভালো লালন-পালনের আশায় তিনি পার্শ্ববর্তী বাপতা এলাকায় তার শ্বশুরবাড়িতে ১,২০০ হাঁসের বাচ্চা বড় করার জন্য রেখেছিলেন। অভিযোগ উঠেছে, গত কাল কে বা কাহারা প্রতিহিংসাবশত হাঁসের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেয়। বিষাক্ত খাবার খাওয়ার কিছুক্ষণ পরই বাচ্চাগুলো ছটফট করে মারা যেতে শুরু করে।​ভুক্তভোগী মাসুদ রানা জানান, তার খামারের প্রায় সব হাঁসই মারা গেছে। বাজারমূল্য অনুযায়ী এতে তার অন্তত ১ লক্ষ টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে। তবে আর্থিক ক্ষতির চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে তার দীর্ঘদিনের পরিশ্রম এবং তিলে তিলে গড়ে তোলা স্বপ্নের মৃত্যু।কান্নাজড়িত কণ্ঠে মাসুদ রানা বলেন "সংসারে সচ্ছলতা আনতে দিনরাত পরিশ্রম করছিলাম। অবলা এই প্রাণীগুলোর কী দোষ ছিল? যারা আমার এই ক্ষতি করেছে, আমি তাদের বিচার চাই।"​স্থানীয়রা এই ঘটনাকে অত্যন্ত ন্যক্কারজনক বলে অভিহিত করেছেন। ঘটনার পর এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত উদ্যোক্তা এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।