মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে সংস্করণ ফাউন্ডেশন এবং বিইউবিটি সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের যৌথ উদ্যোগে ‘ঈদের হাসি–সিজন ৪’ কর্মসূচির আওতায় অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।১৭ ও ১৮ মার্চ এই মানবিক উদ্যোগের মাধ্যমে পাঁচজন শিশুকে তাদের পছন্দমতো ঈদের নতুন পোশাক এবং ৯টি পরিবারকে সাত দিনের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বা ঈদবাজার উপহার প্রদান করা হয়েছে।উদ্যোক্তারা জানান, আয়োজনের মূল লক্ষ্য ছিল রাস্তায় ফুল বা বেলুন বিক্রি করে জীবিকা নির্বাহ করা সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের আনন্দের অংশীদার করা। এ শিশুদের মধ্যে কেউ স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত, আবার কেউ পারিবারিক চাপে পড়াশোনা থেকে বিচ্ছিন্ন। অনেক ক্ষেত্রে পরিবারের প্রধান উপার্জনকারী অসুস্থ, অনুপস্থিত বা দিনমজুর হওয়ায় শিশুরা অল্প বয়সেই সংসারের দায়িত্ব নেয়।সংস্করণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিইউবিটি সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের সভাপতি কিফায়াত ইবনে রহমান বলেন, ‘এই উদ্যোগ কেবল ঈদের আনন্দ ভাগাভাগি নয়, বরং শিশুদের জন্য একটি ইতিবাচক ভবিষ্যতের দিকনির্দেশনা।’তিনি বলেন, এই ধরনের কার্যক্রম শিশু ও তাদের পরিবারের মাঝে নতুন আশা জাগাবে।