ঈদুল ফিতর উপলক্ষে ‘গুলশান সোসাইটি চাঁদরাত–২০২৬’ উৎসব
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে রাজধানীর গুলশানে শুরু হয়েছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য উৎসব ‘গুলশান সোসাইটি চাঁদরাত–২০২৬’। ইতোমধ্যেই এ আয়োজন নগরবাসীর মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে দিয়েছে।১৯ মার্চ বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। চাঁদ দেখা সাপেক্ষে প্রতিদিন বিকাল ৪টা থেকে শুরু হয়ে ২০ মার্চ সাহ্রি পর্যন্ত এ আয়োজন চলবে।গুলশান সোসাইটি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ উৎসবের প্রধান পৃষ্ঠপোষক ব্যাংক এশিয়া। আয়োজকদের মতে, নগরজীবনের ব্যস্ততার মধ্যে হারিয়ে যাওয়া চাঁদরাতের ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির আবহ ফিরিয়ে আনাই এ আয়োজনের লক্ষ্য।উৎসবে ৩০টিরও বেশি স্বনামধন্য ব্র্যান্ড অংশগ্রহণ করেছে। তাদের স্টলে প্রিমিয়াম লাইফস্টাইল পণ্য, হাতে তৈরি গয়না, ঘর সাজানোর সামগ্রী এবং দেশি-বিদেশি শিল্পকর্ম প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে।গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাতের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল আর. কে. হোসেন, গুলশান সোসাইটির সহ-সভাপতি সৈয়দ আলমাস কবির, সাধারণ সম্পাদক সৈয়দ আহসান হাবিব এবং সাংস্কৃতিক বিষয়ক কমিটির চেয়ারম্যান শ্রাবন্ধী দত্তসহ অন্যান্যরা।উৎসবকে প্রাণবন্ত করতে প্রতিদিন থাকছে সুফি সংগীত, গজল ও কাওয়ালি পরিবেশনা। এছাড়া শিশুদের জন্য রাখা হয়েছে ঐতিহ্যবাহী পুতুলনাচ, যা পরিবারসহ দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে।আয়োজকরা আশা করছেন, এই আয়োজন নগরবাসীর মাঝে ঈদের আগমনী আনন্দকে আরও বর্ণিল করে তুলবে।