• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ১২:৪৬:৪০ (13-Jun-2026)
  • - ৩৩° সে:
বিশ্বব্যাপী কয়েক ঘণ্টা অচল ছিল ফেসবুক-ইনস্টাগ্রাম, কারণ জানায়নি মেটা

বিশ্বব্যাপী কয়েক ঘণ্টা অচল ছিল ফেসবুক-ইনস্টাগ্রাম, কারণ জানায়নি মেটা

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার ও মেটার অন্যান্য সেবায় ব্যাপক বিভ্রাট দেখা দিয়েছে। বাংলাদেশ সময় ১২ জুন শুক্রবার সন্ধ্যার দিকে ব্যবহারকারীরা লগইন সমস্যা, অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাওয়া, ফিড লোড না হওয়া এবং মেসেজ আদান-প্রদানে বিঘ্নের অভিযোগ করতে শুরু করেন।আন্তর্জাতিক আউটেজ পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, সমস্যার শুরু হয় যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে। অল্প সময়ের মধ্যেই ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার ব্যবহারকারীদের অভিযোগের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এক পর্যায়ে ফেসবুক নিয়ে ১ লাখ ১৩ হাজারের বেশি এবং ইনস্টাগ্রাম নিয়ে প্রায় ১০ হাজার অভিযোগ জমা পড়ে।ব্যবহারকারীরা জানান, অনেকেই হঠাৎ অ্যাকাউন্ট থেকে লগআউট হয়ে যান। কেউ কেউ পুনরায় লগইন করতে পারেননি, আবার অনেকের ক্ষেত্রে ‘কুয়েরি এরর’ ও অন্যান্য ত্রুটি বার্তা দেখা যায়। ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারের পাশাপাশি মেটার কিছু ব্যবসায়িক সেবাও প্রভাবিত হয়।সমস্যা শুরু হওয়ার পর মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় বলেন, তারা সমস্যার বিষয়ে অবগত এবং সমাধানে কাজ করছেন। কয়েক ঘণ্টা পর তিনি আরেকটি বার্তায় জানান, সেবাগুলো ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, তবে পুরোপুরি স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।রয়টার্স, বিজনেস ইনসাইডার এবং অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিভ্রাটের কয়েক ঘণ্টা পর অধিকাংশ সেবা পুনরুদ্ধার হলেও কিছু ব্যবহারকারী বিচ্ছিন্নভাবে সমস্যার মুখোমুখি হন।তবে মেটা এখন পর্যন্ত এই বৈশ্বিক বিভ্রাটের সুনির্দিষ্ট কারণ প্রকাশ করেনি। প্রতিষ্ঠানটি সমস্যার কথা স্বীকার করলেও কেন এই আউটেজ ঘটেছে সে বিষয়ে কোনো প্রযুক্তিগত ব্যাখ্যা দেয়নি।বিশ্লেষকদের মতে, বিশ্বের কোটি কোটি মানুষ এবং অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান মেটার প্ল্যাটফর্মগুলোর ওপর নির্ভরশীল হওয়ায় কয়েক ঘণ্টার এই বিভ্রাটও ব্যাপক প্রভাব ফেলেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া দেখা যায়।