স্পোর্টস ডেস্ক: প্রথমার্ধেই দুই গোল করে ইকুয়েডরকে ২-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে সহ-আয়োজক মেক্সিকো। কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার হতাশা কাটিয়ে এবার নকআউটে দারুণ সূচনা করল স্বাগতিকরা।
১ জুলাই বুধবার মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২২তম মিনিটে হুলিয়ান কিনিয়োনেস এবং ৩১তম মিনিটে রাউল হিমেনেজ গোল করে দলের জয় নিশ্চিত করেন। এই জয়ে ৪০ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে ম্যাচ জয়ের স্বাদ পেল মেক্সিকো।
ম্যাচে বলের দখলে এগিয়ে ছিল ইকুয়েডর। তারা ৫৭ শতাংশ সময় বল নিয়ন্ত্রণে রাখে, যেখানে মেক্সিকোর দখলে ছিল ৪৩ শতাংশ। তবে আক্রমণে ছিল স্বাগতিকদের আধিপত্য। ১৫টি শটের তিনটি লক্ষ্যে রাখতে সক্ষম হয় মেক্সিকো, আর সেখান থেকেই আসে দুই গোল। অন্যদিকে ইকুয়েডর আটটি শট নিলেও লক্ষ্যে রাখতে পারে মাত্র একটি।
২২তম মিনিটে রোবের্তো আলভারাদোর বাড়ানো দুর্দান্ত থ্রু পাস ধরে বক্সের বাঁ দিক দিয়ে ঢুকে ডান পায়ের নিখুঁত শটে বল জালে জড়ান হুলিয়ান কিনিয়োনেস। ৯ মিনিট পর গোলদাতা থেকে অ্যাসিস্টদাতা বনে যান তিনি। তার বাড়ানো পাস থেকে বক্সের ভেতর ডান পায়ের জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন রাউল হিমেনেজ।
দ্বিতীয়ার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি মেক্সিকো। অন্যদিকে পুরো ম্যাচেই স্বাগতিকদের রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয় ইকুয়েডর। ফলে ২-০ গোলের জয় নিয়েই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে মেক্সিকো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available