স্পোর্টস ডেস্ক: বিদায়ের ছায়া ঘনিয়ে এলেও থেমে নেই ক্রিস্টিয়ানো রোনালদো। বয়স ও সমালোচনার বাধা পেরিয়ে এবার তিনি যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত বিশ্বকাপে পর্তুগালের হয়ে নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে মাঠে নামছেন।
গ্রুপ ‘কে’তে নিজেদের প্রথম ম্যাচে আজ বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনে মুখোমুখি হবে পর্তুগাল ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। শক্তিশালী এই পর্তুগাল দলে রোনালদোই থাকছেন মূল আকর্ষণ।
রোনালদো এবার টানা ষষ্ঠ বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি গড়ার লক্ষ্য নিয়ে মাঠে নামছেন। দীর্ঘ দুই দশকের বিশ্বকাপ যাত্রায় এটি তার আরেকটি সম্ভাব্য শেষ অধ্যায় হিসেবেও দেখা হচ্ছে।
পর্তুগালের ইতিহাসে ১৯৬৬ সালের পর বিশ্বকাপে বড় সাফল্য খুব বেশি নেই। ২০০৬ সালে সেমিফাইনাল ছিল তাদের সর্বোচ্চ অর্জন। তবে ২০১৬ সালের ইউরো জয় এবং উয়েফা নেশনস লিগ জয়ের মাধ্যমে দলটি সাম্প্রতিক সময়ে ইউরোপে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে।
এই দলে আছেন ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা, রুবেন দিয়াস, ভিটিনিয়া, জোয়াও নেভেস ও নুনো মেন্দেস যারা সাম্প্রতিক ক্লাব পারফরম্যান্সে দারুণ ফর্মে আছেন।
অন্যদিকে আফ্রিকা অঞ্চল থেকে দীর্ঘ ৫২ বছর পর বিশ্বকাপে ফেরা ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো জাতীয় ফুটবল দল ইতিহাস গড়েই এসেছে। ১৯৭৪ সালের পর এই প্রথম বিশ্বমঞ্চে খেলছে তারা।
দলটিতে আছেন অ্যারন ওয়ান-বিসাকা, অ্যাক্সেল তুয়ানজেবে, আর্থার মাসুয়াকু, ইয়োয়ান উইসা ও সেড্রিক বাকাম্বু যারা ইউরোপিয়ান লিগে খেলার অভিজ্ঞতা নিয়ে মাঠে নামবেন।
সব মিলিয়ে অভিজ্ঞতা ও তারকাখ্যাতিতে এগিয়ে থাকায় পর্তুগালই ফেভারিট হিসেবে মাঠে নামছে। তবে বিশ্বকাপের মঞ্চে কঙ্গোর লড়াকু মানসিকতা বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
পর্তুগালের সম্ভাব্য একাদশ: দিয়োগো কস্তা; জোয়াও ক্যানসেলো, রুবেন দিয়াস, গনসালো ইনাসিও, নুনো মেন্দেস; জোয়াও নেভেস, ব্রুনো ফার্নান্দেস, ভিটিনিয়া; বার্নার্দো সিলভা, ক্রিস্টিয়ানো রোনালদো, পেদ্রো নেতো।
ডিআর কঙ্গোর সম্ভাব্য একাদশ: লিওনেল এমপাসি; অ্যারন ওয়ান-বিসাকা, মুকোকো কাপুয়াদি, অ্যাক্সেল তুয়ানজেবে, চানসেল এমবেম্বা, আর্থার মাসুয়াকু; স্যামুয়েল মুতুসামি, নোয়া সাদিকি, এনগালোয়েন মুকাউ; ইয়োয়ান উইসা, সেড্রিক বাকাম্বু।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available