অনলাইন ডেস্ক: প্রতিবেশী দেশ ভারতে সংখ্যালঘু নির্যাতন ও পুশ ইন সংক্রান্ত বিষয় পর্যবেক্ষণ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জাপান সফর শেষে গতকাল শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
শফিকুর রহমান বলেন, ‘প্রতিবেশী দেশ হিসেবে আমাদের যা করণীয়, তা আমরা করব।


ইসলাম ধর্মকে সেখানে আলাদা করে দেখা হবে কেন? তাদের দেশের সংবিধান তো ধর্মনিরপেক্ষ। সেই দেশের সব ধর্মের মানুষের ধর্মীয় ও নাগরিক অধিকার ভোগ করার পূর্ণ এখতিয়ার আছে। আমরা ভারত সরকারের প্রতি অনুরোধ জানাব, বিশেষ কোনো ধর্ম, বর্ণ কিংবা গোষ্ঠীকে টার্গেট করে যেন কারো ক্ষতি করা না হয়।’

পুশ ইন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘বিষয়টি আরও যাচাই-বাছাই করে যদি সে রকম কিছু আমাদের সামনে আসে, তাহলে আমাদের ভূমিকা আপনারা দেখবেন, ইনশাআল্লাহ।
আমরা কোনো অন্যায়ের ব্যাপারেই নীরব থাকব না। প্রতিবেশীকে আমরা সম্মান করি। তবে কোনো প্রতিবেশী আমাদের অপমান করবে, এটাও আমরা চাই না।’
নিজের জাপান সফর প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, ‘আমরা লক্ষ করেছি, বাংলাদেশকে নিয়ে জাপানের বিপুল প্রত্যাশা আছে।
তবে তাদের একটি সতর্কতা ও আশঙ্কার জায়গাও আছে—তারা নিরাপদ ও স্বচ্ছ পরিবেশে কাজ করতে পারবে কি না। এই বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব বর্তমান সরকারের।’
সরকারের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, ‘দেশকে এগিয়ে নেওয়া অবশ্যই সরকারের দায়িত্ব। আর আমরা যারা সরকারের বাইরে আছি, তাদের দায়িত্ব হলো ন্যায্য কাজে সরকারকে সহযোগিতা করা। সরকার ভুল করলে সেটি ধরিয়ে দেওয়া এবং সংশোধনের জন্য প্রতিবাদ জানানো।
জাপান সফর শেষে থাইল্যান্ডে জুলাই গণ-অভ্যুত্থানে আহত হয়ে চিকিৎসাধীন ব্যক্তিদের দেখতে যান শফিকুর রহমান। এ বিষয়ে তিনি বলেন, “তাঁদের দেখতে গেলে তাঁরা আমাকে জড়িয়ে ধরে বলেন, ‘সুস্থ হয়ে দেশে ফিরতে পারলে জাতির প্রয়োজনে আবারও লড়াই করব। তবে গণভোটের রায় ও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে। এখানে কোনো শুভংকরের ফাঁকি চলবে না। আমরা এ-টু-জেড বাস্তবায়ন চাই। সবকিছু আমাদের প্রত্যাশার আলোকে হতে হবে।’ এই মেসেজগুলো আমরা নিয়ে এসেছি।”
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে এক প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, ‘আমি বাস্তবতা দেখে পদক্ষেপ নেওয়ার মানুষ। আমি পাইকারি ও খুচরা বাজারে যাব। যেখান থেকে পণ্য আসে, প্রয়োজন হলে সেখানে যাব। উৎপাদন পর্যায়ে দাম কত, পাইকারি বাজারে কত, আর খুচরা বাজারে কত—এই তিনটি বিষয় যাচাই করার পর আমরা আমাদের ভূমিকা নেব। আমরা চুপ থাকব না।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available