নিজস্ব প্রতিবেদক: সংবিধান সংস্কার পরিষদ সংক্রান্ত বিষয়ে সংসদের ভেতরেই সমাধান চান বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের প্রত্যাশা সংসদে বাস্তবায়ন না হলে রাজপথে আন্দোলনের পরিস্থিতি তৈরি হতে পারে, তবে বিরোধীদল সেটি চায় না।
১৫ মার্চ রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


ডা. শফিকুর রহমান বলেন, বিষয়টি সংসদে উত্থাপন করা হয়েছে এবং স্পিকার তা বিবেচনায় নিয়ে নোটিশ দিতে বলেছেন। সেই ধারাবাহিকতায় এখন বিষয়টি সংসদের মাধ্যমে এগিয়ে নেওয়া যেতে পারে।

তিনি আরও বলেন, এ বিষয়ে আদালতেও আশ্রয় নেওয়া হয়েছে বলে শুনেছেন, তবে সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তার মতে, এটি কার্য উপদেষ্টা কমিটির বিষয় নয় বরং সংসদের ভেতরেই আলোচনা করে এর সমাধান হওয়া উচিত।
জামায়াতের আমির বলেন, ২০২৬ সালে কোনো নির্বাচন ছিল না। একই প্রেসিডেনশিয়াল অর্ডারের মাধ্যমে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে সংবিধানের বাইরে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে তা সবার ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত।
তিনি জানান, অধিবেশনের শুরুতে ‘পয়েন্ট অব অর্ডার’-এ দাঁড়িয়ে এ বিষয়ে কথা বলার চেষ্টা করা হয়েছিল। পরে স্পিকার এক ঘণ্টা পর এ বিষয়ে বক্তব্য দেওয়ার সুযোগ দেন। গত বছরের ১৩ নভেম্বর জারি করা আদেশ সংসদে পড়ে শোনানো হয়েছে এবং এর সমাধান চাওয়া হয়েছে।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা শপথ নিয়েছি। কিন্তু যারা এখনো শপথ নেননি তারা কবে শপথ নেবেন, সংস্কার পরিষদের অধিবেশন কবে ডাকা হবে এবং গণভোটের রায় কার্যকর হবে কি না এসব বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত প্রয়োজন।’
তিনি আরও বলেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ সংবিধান সংস্কারের পক্ষে মত দিয়েছেন। তাই সেই গণরায়ের চূড়ান্ত অবস্থান কী হবে, তা স্পষ্ট করা জরুরি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available