নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন এবং রাষ্ট্র পুনর্গঠনই এখন বিএনপির প্রধান লক্ষ্য।

৮ ফেব্রুয়ারি রোববার বিকেলে রাজধানীর মিরপুর পল্লবীর ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠ ময়দানে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।


তারেক রহমান বলেন, রাজনীতির মাঠে শুধু প্রতিপক্ষের সমালোচনা কিংবা কুৎসা রটিয়ে জনগণের কোনো উপকার হয় না। বরং জনগণের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণ করাই হওয়া উচিত প্রকৃত রাজনৈতিক লক্ষ্য।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত ওই পথসভায় তিনি দেশের মানুষের জন্য একগুচ্ছ অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষা কর্মসূচির কথা তুলে ধরেন। তিনি জানান, বিএনপি সরকার গঠন করতে পারলে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। একই সঙ্গে কৃষকদের জীবনমান উন্নয়নে ‘কৃষি কার্ড’ প্রবর্তন করা হবে এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফ করা হবে।
ঢাকা-১৬ আসনের স্থানীয় সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, এ এলাকার মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে একটি আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন হাসপাতাল নির্মাণ করা হবে। পাশাপাশি বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে যেতে ইচ্ছুকদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়া হবে।
দেশের পানি সংকট ও রাজধানীর জলাবদ্ধতা নিরসনে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে সারাদেশে ব্যাপকভাবে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হবে। বিশেষ করে ঢাকা শহরের জলাবদ্ধতা দূর করতে হারিয়ে যাওয়া খালগুলো উদ্ধার ও পুনঃখননকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি সবার আগে স্বাভাবিক করা হবে এবং দুর্নীতির বিরুদ্ধে বিএনপি ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করবে।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বলেন, ‘আমাদের কাছে সবার আগে দেশ। যেকোনো মূল্যে এই দেশকে গড়ে তুলতে হবে এবং মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available