ডেস্ক রিপোর্ট: পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বাংলাদেশ নদী মাতৃক দেশ। টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, নদীর গতি-প্রকৃতি অনুযায়ী খাল খনন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস (সিইজিআইএস) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের স্বার্থ ও উন্নয়নে সিইজিআইএস এর কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।
১৭ জুন বুধবার রাজধানীর আগারগাঁওয়ে সিইজিআইএস এর কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
পানিসম্পদ মন্ত্রী বলেন, সিইজিআইএস এর কার্যক্রম বুদ্ধিভিত্তিক ও কারিগরি। পেশাগত দক্ষতা, গবেষণা, খাল খনন, টেকসই বাঁধ নির্মাণ, পানি সম্পদের সঠিক ব্যবহার ও উন্নয়নে সিইজিআইএস নীতি সহায়তা ও সম্ভাব্যতা যাচাই করে আসছে। পানিসম্পদ ও খাল খননের সঠিক ডাটাবেইজ করার আহ্বান জানান তিনি।
এ্যানি চৌধুরী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০২ সালে সিইজিআইএস কে পূর্ণাঙ্গ প্রাতিষ্ঠানিক কাঠামোয় রূপ দিয়েছিলেন। যুগের সাথে তাল মিলিয়ে পানি সম্পদের সঠিক ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে কীভাবে উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন করা যায় সেদিকে বেশি মনোনিবেশ করার অনুরোধ জানান মন্ত্রী।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা স্বনির্ভর বাংলাদেশ গড়তে কাজ করছি। সিইজিআইএস ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়ন, ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি ও ভূউপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সিইজিআইএস এর নির্বাহী পরিচালক মোতালেব হোসেন সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available