• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৭:২১:২০ (16-Jun-2026)
  • - ৩৩° সে:

পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে অতিরিক্ত মাটি সরানো হয়েছে: সেতুমন্ত্রী

১৬ জুন ২০২৬ বিকাল ০৫:১৩:০৭

পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে অতিরিক্ত মাটি সরানো হয়েছে: সেতুমন্ত্রী

অনলাইন ডেস্ক: পদ্মা রেলসেতুর একটি পিলারের গোড়া থেকে অতিরিক্ত মাটি সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

১৬ জুন মঙ্গলবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এর আগে নারায়ণগঞ্জের ফতুল্লায় পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘মাটি খুঁড়ে নেওয়া হয়েছে বিষয়টা এমন নয়। ব্রিজ নির্মাণের সময় কিছু প্রতিবন্ধকতা বা ব্যারিয়ার রাখা হয়। সেখান থেকে প্রয়োজন অনুযায়ী মাটি সরানো হয়েছিল।’

তিনি আরও বলেন, নির্মাণকাজের অংশ হিসেবে এসব অস্থায়ী ব্যারিয়ার তৈরি করা হয়, তবে দীর্ঘদিন তা সরানো হয়নি। পরে নিরাপত্তা ও অব্যবস্থাপনা বিবেচনায় অতিরিক্ত মাটি অপসারণ করা হয়।

মন্ত্রী দাবি করেন, উঁচু অংশ থেকে কিছু জিনিস চুরি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, তাই সার্বিক বিবেচনায় ওই মাটি সরানো হয়েছে। তিনি জানান, এখন সেখানে গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময় রাজধানীর বাসস্ট্যান্ড ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, ঢাকার সব বাসস্ট্যান্ড একযোগে সরানো হবে, তবে তা রাতারাতি নয়।

তিনি বলেন, বাসস্ট্যান্ডগুলোতে দীর্ঘ সময় বাস দাঁড়িয়ে থাকায় যানজট ও অব্যবস্থাপনা তৈরি হচ্ছে। ভবিষ্যতে বাসগুলো ডিপো থেকে এসে যাত্রী উঠিয়ে আবার ডিপোতে ফিরে যাবে এমন ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী জানান, মহাখালী বাসস্ট্যান্ড আপাতত থাকবে, তবে স্থায়ীভাবে এটি উত্তরায় সরিয়ে নেওয়া হবে। এজন্য প্রায় ৫০ বিঘা জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ৩০০ ফিট এলাকায় সাময়িক ডিপো হিসেবে ব্যবহার করা হবে।

তিনি আরও বলেন, সায়েদাবাদ বাসস্ট্যান্ডও কাঁচপুর এলাকায় স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। পর্যাপ্ত সুবিধা নিশ্চিত করার পরই এসব পরিবর্তন কার্যকর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us