অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর আজ ৯ মে শনিবার প্রথমবার দলের সাংগঠনিক দায়িত্বশীল নেতাদের নিয়ে মতবিনিময়সভা করবে বিএনপি। এতে উপস্থিত থাকবেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
গুরুত্বপূর্ণ এ সভার মধ্য দিয়ে দীর্ঘ পাঁচ মাসের বেশি সময় পর আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কর্মসূচিতে ফিরছে বিএনপি। আজ সকাল ১০টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দিনব্যাপী এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হবে।


গতকাল ৮ মে শুক্রবার কৃষিবিদ ইনস্টিটিউটে মতবিনিময়সভার প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি জানিয়েছেন, বিএনপি এবং এর তিনটি অঙ্গসংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে সভাটির আয়োজন করা হয়েছে।

মতবিনিময়সভা সম্পর্কে রিজভী সাংবাদিকদের বলেন, সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া দলের মহাসচিবসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।
মতবিনিময়সভায় সারা দেশের জেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেবেন। তারা সাংগঠনিক এবং সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে নিজেদের মতামত তুলে ধরবেন। পাশাপাশি সরকার দায়িত্ব নেওয়ার পর গত দুই-তিন মাসে যেসব পদক্ষেপ নিয়েছে এবং যেগুলো বাস্তবায়নের পথে রয়েছে সেসব বিষয় সংশ্লিষ্ট মন্ত্রীরা বিশ্লেষণসহ তথ্য উপস্থাপন করবেন।
বিএনপি নেতারা জানিয়েছেন, মতবিনিময়সভার মূল লক্ষ্য নেতাকর্মীদের আবারও সাংগঠনিক কাজে সম্পৃক্ত এবং দলকে গতিশীল করা। একই সঙ্গে সংগঠন পুনর্গঠনের পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলোকেও নতুন বার্তা দিতে চায় বিএনপি।
তথ্যসূত্র: নিউজ ২৪
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available