আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন মোড় নিয়েছে। দলীয় নেতৃত্ব নিয়ে বিরোধের মধ্যে কলকাতায় তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয় ‘তৃণমূল ভবন’-এর নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে দলের বিদ্রোহী একটি অংশ। একই সঙ্গে তারা হাওড়ার বিধায়ক অরূপ রায়কে দলের নতুন সর্বভারতীয় সভাপতি হিসেবে ঘোষণা করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ৩ জুলাই শুক্রবার বিকেলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিদ্রোহী নেতারা তৃণমূল ভবনে প্রবেশ করেন। পরে ভবনের পুরোনো ব্যানার সরিয়ে নতুন ব্যানার টানানো হয়, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে অরূপ রায়ের নাম সভাপতি হিসেবে উল্লেখ করা হয়।
বিদ্রোহী গোষ্ঠীর দাবি, পশ্চিমবঙ্গের দুই-তৃতীয়াংশের বেশি বিধায়ক ও সংসদ সদস্য তাদের সঙ্গে রয়েছেন। এর আগে বৃহস্পতিবার তারা ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে হাজির হয়ে নিজেদেরই ‘আসল তৃণমূল কংগ্রেস’ দাবি করেন এবং দলীয় প্রতীক ‘জোড়া ফুল’ বরাদ্দের আবেদন জানান।
দিল্লি থেকে ফিরে শুক্রবার বিকেলে তারা সরাসরি দলীয় কার্যালয়ে গিয়ে নিয়ন্ত্রণ নেওয়ার পদক্ষেপ নেন।
এ সময় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আখতারুজ্জামান, ফিরহাদ হাকিম, জাভেদ খান, গোলাম রব্বানী, প্রসূণ বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাসহ বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। ভবনের ভেতরে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাবেক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অবস্থান করলেও বিদ্রোহী নেতারা প্রবেশের পর তিনি সেখান থেকে চলে যান।
কার্যালয়ের নিয়ন্ত্রণ নেওয়ার পর আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নতুন দলে উপদেষ্টা হিসেবে থাকবেন। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে সিদ্ধান্ত নেবে দলের নবগঠিত কমিটি।
সূত্র: এনডিটিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available