মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং গ্রামের দুই প্রবাসী ভাইয়ের মধ্যে পারিবারিক দ্বন্দ্বের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৩০ এপ্রিল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ইতালির লেইজ শহরে বড় ভাই হুমায়ুন ফকির তার ছোট ভাই নয়ন ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেন। তারা দুজনই ওই গ্রামের দেলু ফকিরের ছেলে।


ঘটনার পর বড় ভাই হুমায়ুন ফকির ভিডিও কলের মাধ্যমে পরিবারের সদস্যদের কাছে নয়ন ফকিরের মরদেহ দেখান এবং হত্যার বিষয়টি স্বীকার করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে ইতালির পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করে।

নিহত নয়নের এক বন্ধু জানান, হুমায়ুন ফকির দীর্ঘ প্রায় ১২ বছর ধরে ইতালি প্রবাসী। তিনি প্রথমে লিবিয়া হয়ে পরে ইতালিতে যান। ২০২৩ সালে তার সহায়তায় ছোট ভাই নয়ন ফকিরও ইতালিতে যান। পারিবারিক ও দাম্পত্য বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বলে তিনি জানান।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ডাবলু বলেন, পারিবারিক দ্বন্দ্বের জেরে এক ভাইয়ের হাতে আরেক ভাই ইতালিতে খুন হয়েছেন বলে তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available