• ঢাকা
  • |
  • রবিবার ২৬শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:৪৭:৪০ (08-Feb-2026)
  • - ৩৩° সে:

মায়োর্কাকে হারিয়ে রিয়ালের থেকে ব্যবধান বাড়ল বার্সেলোনা

৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৫০:৫৮

মায়োর্কাকে হারিয়ে রিয়ালের থেকে ব্যবধান বাড়ল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক: লা লিগায় পয়েন্ট টেবিলে কঠিন লড়াই করছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। তাই প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। এবার মায়োর্কার বিপক্ষে সহজ তুলে নিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়েছে কাতালানরা।

Ad

৭ ফেব্রুয়ারি শনিবার কাম্প ন্যুতে ৩-০ গোলে জিতেছে শিরোপাধারীরা। রবের্ত লেভানদোভস্কির গোলে এগিয়ে গিয়েছিল তারা। বদলি নেমে শেষ দিকে তৃতীয় গোলটি করেন মার্ক বের্নাল।

Ad
Ad

এদিন শুরুতে বার্সেলোনার রক্ষণে কয়েক দফায় ভীতি ছড়ায় মায়োর্কা। দ্বাদশ মিনিটে সফরকারীদের মিডফিল্ডার ভার্গিলের হেড যায় হোয়ান গার্সিয়া বরাবর। ২১তম মিনিটে ভার্গিলের একটি শটও আটকে দেন এই স্প্যানিশ গোলরক্ষক। ২৯তম মিনিটে লক্ষ্যে নিজেদের প্রথম শটে গোলের দেখা পায় বার্সেলোনা। 

বক্সের বাইরে থেকে মার্কাস র্যাশফোর্ডের জোরাল শট প্রতিহত হওয়ার পর, ছয় গজ বক্সের বাইরে বল পেয়ে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে ডান পায়ের শটে জালে পাঠান লেভানদোভস্কি। এবারের লা লিগায় ৩৭ বছর বয়সী পোলিশ তারকার গোল হলো ১০টি, ১৮ ম্যাচে।

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান বাড়তে পারত। র্যাশফোর্ডের চমৎকার ফ্রি-কিক লাফিয়ে উঠে এক হাতে ঠেকিয়ে দেন মায়োর্কা গোলরক্ষক। ফিরতি বলে জুল কুন্দের কোনাকুনি শট পোস্টের বাইরে দিয়ে যায়।

প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধের শুরু থেকে বেশ ভালো খেলে বার্সেলোনা। ৪৮তম মিনিটে বল নিয়ে বক্সে ঢুকে পড়া ইয়ামালকে মায়োর্কার একজন ফেলে দিলে পেনাল্টির আবেদন করে স্বাগতিকরা, তবে রেফারির সাড়া মেলেনি।

৫৩তম মিনিটে বক্সের বাইরে থেকে মার্ক কাসাদোর জোরাল ভলি প্রতিপক্ষের একজনের মাথা ছুঁয়ে ক্রসবারে লাগে। ৬১তম মিনিটে দর্শনীয় গোলে ব্যবধান দ্বিগুণ করেন ইয়ামাল। দানি ওলমোর পাস বক্সের বেশ বাইরে পেয়ে বাঁ পায়ের বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন তরুণ স্প্যানিশ তারকা, নড়ার সুযোগ পাননি গোলরক্ষক।

চলতি লা লিগায় ইয়ামালের গোলও হলো ১০টি, সঙ্গে তার অ্যাসিস্ট আছে ৮টি। ৭৫তম মিনিটে বক্সের ভেতর থেকে ইয়ামালের বাঁ পায়ের আরেকটি চমৎকার শট অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। তিন মিনিট পর ইয়ামাল ও লেভানদোভস্কির বদলি হিসেবে রুনি বার্দগি ও জোয়াও কান্সেলোকে নামান ফ্লিক।

৮৩তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন বের্নাল। মাঝমাঠ থেকে ফের্মিন লোপেসের পাস ধরে এগিয়ে যান ৬৭তম মিনিটে বদলি নামা ১৮ বছর বয়সী এই মিডফিল্ডার, বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে পাঠান তিনি। বার্সেলোনার জার্সিতে এটিই তার প্রথম গোল।

টানা তৃতীয় জয়ের পর ২৩ ম্যাচে ১৯ জয় ও এক ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৫৮। ৪ পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে রেয়াল মাদ্রিদ, একটি ম্যাচ কম খেলেছে তারা। ২৩ ম্যাচে ১১তম হারের স্বাদ পাওয়া মায়োর্কা ২৪ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে আছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




হাদি হত্যাকাণ্ড, জাতিসংঘকে চিঠি দিয়েছে সরকার
হাদি হত্যাকাণ্ড, জাতিসংঘকে চিঠি দিয়েছে সরকার
৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:১৬:২৩


নিরাপদ নিউজের সফলতার ১২ বছর
নিরাপদ নিউজের সফলতার ১২ বছর
৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৭:১১




বকশীগঞ্জে বিএনপির প্রার্থীর পক্ষে গণসংযোগ
বকশীগঞ্জে বিএনপির প্রার্থীর পক্ষে গণসংযোগ
৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৩৪:২০


Follow Us