বিনোদন ডেস্ক: হিন্দি টেলিভিশন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী সঞ্চিতা উগালে।
১৪ জুন রোববার সন্ধ্যায় ভারতের মুম্বাইয়ের নালাসোপাড়ায় নিজ বাসভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে সঞ্চিতার বয়স হয়েছিল মাত্র ২২ বছর। প্রাথমিক তদন্তে পুলিশ বলছে, অভিনেত্রী সঞ্চিতা আত্মহত্যা করেছেন। মৃত্যুর মাত্র ১৮ ঘণ্টা আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে হাসিখুশি একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের খবর, সঞ্চিতার মৃত্যু আত্মহত্যাজনিত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
মৃত্যুর আগে ১৩ জুন শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রিল ভিডিও পোস্ট করেছিলেন সঞ্চিতা। সেখানে তাকে প্রাণবন্ত একটি গানের সঙ্গে নাচতে এবং হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর স্বাভাবিকভাবেই ভক্তদের সঙ্গে যোগাযোগও ছিল তার। কিন্তু সেই পোস্টের মাত্র ১৮ ঘণ্টা পরই সামনে আসে তার মৃত্যুর খবর।
এরপর থেকেই অভিনেত্রীর শেষ পোস্টে ভিড় করছেন অনুরাগীরা। শোক প্রকাশের পাশাপাশি অনেকেই প্রশ্ন তুলছেন, কী এমন ঘটেছিল যে এত অল্প সময়ের ব্যবধানে সবকিছু বদলে গেল।
ছোটপর্দার পরিচিত মুখ সঞ্চিতা উগলে ‘কুমকুম ভাগ্য’, ‘ওয়াগলে কি দুনিয়া’ এবং ‘দিলওয়ালি দুলহা লে জায়েগি’সহ বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। অভিনয়ের মাধ্যমে অল্প সময়েই দর্শকদের নজর কাড়তে সক্ষম হন তিনি।
টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন সঞ্চিতা। ভিকি কৌশল অভিনীত আলোচিত সিনেমা ‘ছাওয়া’–তে তারাবাই চরিত্রে দেখা গিয়েছিল তাকে। সাম্প্রতিক সময়ে একাধিক প্রকল্প নিয়ে ব্যস্ত ছিলেন এই অভিনেত্রী। তাই তার আকস্মিক মৃত্যু আরও বেশি বিস্মিত করেছে ভক্তদের।
বিষয়টি আরও আলোচনায় এসেছে কারণ মানসিক স্বাস্থ্য নিয়ে অতীতে সরব ছিলেন সঞ্চিতা নিজেই। গত বছর এক সামাজিক যোগাযোগমাধ্যম প্রভাবকের মৃত্যুর পর তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। তখন তিনি বলেছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে স্বীকৃতি পাওয়ার প্রবণতা অনেকের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তরুণদের মধ্যে আত্মঘাতী চিন্তার প্রবণতা বাড়ছে বলেও মন্তব্য করেছিলেন এই অভিনেত্রী। সূত্র: আরটিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available