অনলাইন ডেস্ক: আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশু মৃত্যুর প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ছয় শিশুকে দায়িত্বহীনভাবে রেখে মেরে ফেলবে, আর শান্তিতে ঘুমাবে, তা হতে পারে না।
১৬ জুন মঙ্গলবার সকালে, রাজধানীর ইস্কাটনে হলি ফ্যামিলি মেডিকেল কলেজে হাম চিকিৎসা ও ব্যবস্থাপনা বিষয়ক গাইডলাইনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বদ্ধ ঘরে কোনো অক্সিজেন ছিল না। তাহলে ছয়টা বাচ্চাকে সেখান থেকে সরিয়ে ফেলা উচিত ছিল, যখন একটা বাচ্চাকে নেওয়ার পরে ভালো হয়ে গেল, বাকি বাচ্চাদের নিয়ে যাওয়া উচিত ছিল। ছয়টা বাচ্চা পরপর মারা গেল। আর কর্তৃপক্ষ সেই কক্ষটি পরিদর্শন পর্যন্ত করেনি। কোনো গুরুত্বই দেয়নি তারা।
তিনি আরও বলেন, দুই ঘণ্টা এসি বন্ধ থাকা এবং কক্ষে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা না থাকায় অক্সিজেনের অভাবে শিশুদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে সঠিক মনে করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছয়টি শিশুকে দায়িত্বহীনভাবে রেখে মেরে ফেলবে, আর অথরিটিকে আঙুল দেখিয়ে শান্তিতে ঘুমাবে, তা হতে পারে না। যেকোনো মর্মান্তিক ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে। দেশে তো কিছু পরিবর্তন আনতে হবে আমাদের ভেতরেও।
এছাড়া, লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আদ্-দ্বীন হাসপাতাল আপিল করলে তার রায় সরকারের পক্ষেই আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এদিকে, হলি ফ্যামিলি মেডিকেল কলেজ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই মেডিকেল কলেজের উন্নয়নে সরকার কাজ করবে এবং শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি করা হবে। পাশাপাশি, রোগীদের প্রতি আরও যত্নশীল ও মানবিক হতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি।
সূত্র: যমুনা টিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available