• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:০৯:৫৭ (01-Jul-2026)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনাসদস্যের যাবজ্জীবন কারাদণ্ড

১ জুলাই ২০২৬ সকাল ০৯:১৭:৪৮

জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনাসদস্যের যাবজ্জীবন কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট: জয়পুরহাটে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে সিরাতুল ইসলাম মোস্তাকিন রনি (২৭) নামে এক সেনাসদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

৩০ জুন মঙ্গলবার দুপুরে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সিরাতুল ইসলাম আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের তেমারিয়া গ্রামের টিপু সুলতানের ছেলে।

এনটিভির সংবাদ সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৪ জুন ভুক্তভোগী শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করার সময় আসামি রনি তাকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের চাচার বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করা হয় এবং কাউকে কিছু না বলার জন্য প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরদিন শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের কাছে ঘটনার বিস্তারিত জানায়। এ ঘটনায় ২০২২ সালের ৫ আগস্ট আক্কেলপুর থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগীর পরিবার।

দীর্ঘ শুনানি ও আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আদালত এ রায় প্রদান করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট রিনাত ফেরদৌসী রিনি।

তিনি বলেন, “এই রায়ের মাধ্যমে শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধ দমনে আইনের কঠোর অবস্থানের বার্তা স্পষ্ট হলো। অপরাধ নিয়ন্ত্রণে দ্রুত বিচার ও আইনের কঠোর প্রয়োগ অত্যন্ত জরুরি।”

রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত সেনাসদস্য সিরাতুল ইসলামকে কড়া নিরাপত্তায় জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us