নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আদাবরে একটি এমব্রয়ডারি কারখানায় চাঁদা না পেয়ে হামলা ও কয়েকজন শ্রমিককে কুপিয়ে আহত করার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

২১ ফেব্রুয়ারি শনিবার রাত সাড়ে ১০টার দিকে দেড় শতাধিক মালিক-শ্রমিক থানায় অবস্থান নিয়ে বিচারের দাবি জানালে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে।


গ্রেফতাররা হলেন—মূল অভিযুক্ত রাসেল ওরফে কালা রাসেল এবং তার সহযোগী মারুফ ও হাসান।
মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এমব্রয়ডারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রায়হান জহিরের ভাতিজা মারুফ হাসান সুমন জানান, শনিবার সন্ধ্যায় তার চাচা আবির মোস্তাফিজুর রায়হান জহিরের কারখানায় দেশীয় অস্ত্র নিয়ে একদল কিশোর গ্যাং সদস্য আকস্মিক হামলা চালায়। হামলায় কারখানার কয়েকজন শ্রমিক আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল ঈদ উপলক্ষে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ধ্যায় তার নেতৃত্বে ১০-১২ জনের একটি দল কারখানায় হামলা চালায়। এতে কয়েকজন শ্রমিক গুরুতর আহত হন।
ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১০টার দিকে এমব্রয়ডারি মালিক ও শ্রমিকরা আদাবর থানার সামনে জড়ো হয়ে সড়কে অবস্থান নেন এবং সন্ত্রাসীদের বিচারের দাবিতে স্লোগান দেন। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করে।
সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, শ্রমিকদের বেতন দেওয়ার সময় ১০-১২ জনের একটি সশস্ত্র দল চাপাতি নিয়ে হামলা চালায়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার পর শ্রমিকরা আদাবর ১৬ নম্বর এলাকায় রাসেলের বাসা ঘেরাও করলে পুলিশ তার বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। পরবর্তীতে শ্রমিকরা থানার সামনে অবস্থান নেন। কারখানার মালিক জহির একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় রাসেলসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available