চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, ২৩ এপ্রিল বৃহস্পতিবার ভোর রাত ৩টা ১৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে ৮৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করে। অভিযানে ব্যাটালিয়নের আওতাধীন মাসুদপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনোহরপুর গ্রাম এলাকা থেকে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।


জব্দকৃত মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ২৮ লাখ টাকা। পরে সেগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

বিজিবি আরও জানায়, গত তিন মাসে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ৪ জন আসামিসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে। এর মধ্যে রয়েছে ২৯১ বোতল মদ, ২১১ বোতল ফেন্সিডিল, ২৪০ বোতল ফেয়ারডিল সিরাপ, ২৪৫ বোতল এস্কাফ সিরাপ, ২৮৭ বোতল চকোপ্লাস সিরাপ, ৩,০৫০টি নেশাজাতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট, ১৬৯টি গরু, ২১টি মহিষ এবং ১১০টি মোবাইল ফোন। জব্দকৃত এসব মালামালের মোট আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৫৩ লাখ টাকা।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। পাশাপাশি সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available