মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট ও আশপাশের এলাকাকে নদীভাঙনের হাত থেকে রক্ষায় সরকার স্থায়ী প্রকল্প হাতে নিচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, মানিকগঞ্জ জেলায় নদীভাঙন রোধে প্রায় এক হাজার ৫০০ কোটি টাকার পাঁচটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
১৭ মে রোববার মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের ভাঙ্গন পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।


প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘পাটুরিয়া ঘাট এবং আশপাশের এলাকা রক্ষায় যা যা করা প্রয়োজন, সরকার তার সবই করবে। আমরা একটি স্থায়ী প্রকল্পের দিকে যাচ্ছি, যাতে এই গুরুত্বপূর্ণ ঘাট দীর্ঘমেয়াদে সুরক্ষিত থাকে এবং মানুষের যোগাযোগব্যবস্থা নির্বিঘ্ন থাকে।’

তিনি বলেন, সারা দেশে নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। পদ্মা নদী খরস্রোতা ও পরিবর্তনশীল হওয়ায় পাটুরিয়া এলাকায় ভাঙনের ঝুঁকি বেশি। গত দুই বছরে ভাঙন দেখা দিলে পানি উন্নয়ন বোর্ড দ্রুত জিও ব্যাগ ফেলে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেয় এবং ঘাট সচল রাখে।
সফরকালে প্রতিমন্ত্রী জানান, মানিকগঞ্জ জেলার প্রায় ৩৭টি খাল খনন ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি সরকারের ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন কর্মসূচির অংশ। বর্ষা মৌসুম শেষ হলে এসব কাজ শুরু হবে।
এ ছাড়া মানিকগঞ্জ, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলাকে অন্তর্ভুক্ত করে বৈদেশিক সহায়তায় প্রায় ২ হাজার ৬০০ কোটি টাকার আরও একটি বৃহৎ প্রকল্প নেওয়া হয়েছে বলে জানান তিনি। প্রকল্পটি বর্তমানে মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ফেরিঘাট এলাকার সমস্যা সমাধানে বিভিন্ন দপ্তরের সমন্বয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, পানিসম্পদ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ও এলজিইডির সমন্বয়ে গঠিত দল এ বিষয়ে কাজ করবে।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান শান্ত, মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জামিলুর রসিদ খান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available