মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে ভিজিএফের (দুস্থ) চাল ভাগাভাগি ও প্যানেল চেয়ারম্যান বিরোধে বিএনপি দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে।
১০ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের সামনের বিএনপির প্যানেল চেয়ারম্যান সারগিদুল ইসলাম গ্রুপ ও উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


আহতরা হলেন, বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু গ্রুপের আলফাজ উদ্দিন কালু (৫৫) ও সারগিদুল ইসলাম গ্রুপের শালদহ গ্রামের মনিরুল ইসলামের ছেলে রাসেল আহমেদ (২৫), একই গ্রামের শাহাদাত হোসেনের ছেলে খাইরুল ইসলাম (৩৫) ও আব্দুল কুদ্দুসের বকুল হোসেনসহ (৪০) অন্যান্যরা।

আহত খায়রুল ইসলাম বলেন, আলফাজ উদ্দিন কালুর লোকজন ইউনিয়ন পরিষদে হামলা করতে আসছিল এ সময় আমরা ঠেকাতে গেলে আমাদের উপর হামলা করে।
রায়পুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সারগিদুল ইসলাম বলেন, আলফাজ উদ্দিন কালুর লোকজন ইউনিয়ন পরিষদে হামলা ও ভাঙচুর করবে এমন সংবাদ পাওয়ার পর আজ মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদে যাই। এ সময় কে এ বি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অবস্থানরত আলফাজ উদ্দিন কালুর লোকজন অস্ত্রশস্ত্র ও লাঠিসোঠা নিয়ে হামলা করে আমাদের লোকজনকে গুরুতর আহত করে।
গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু বলেন, সংখ্যাগরিষ্ঠ গরিব মানুষ এই ভিজিএফ চাল থেকে বঞ্চিত। তারা নিজেদের মধ্যে চাল ভাগ বাটোয়ারা করে। এলাকার লোকজন ইউনিয়ন পরিষদ কার্যালয় অবরোধ করবে সেই সংবাদ পেয়ে আমরা এখানে এসেছি। এসময় প্যানেল চেয়ারম্যানের লোকজন আমাদের উপর হামলা করে।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হক বলেন, আমরা চাই ভিজিএফ এর সুষ্ঠু বণ্টন। যারা বঞ্চিত হয়েছে তারা এখানে উপস্থিত হয়েছে। আমরা সংঘর্ষ চাইনি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available