সুনামগঞ্জ প্রতিনিধি: নিষ্পাপ শিশুদের ওপর চলমান বর্বর নির্যাতন ও নির্মম হত্যাকাণ্ডে ক্ষোভে ফুঁসে উঠেছে ছাতক। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) সুনামগঞ্জের ছাতক শাখার উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় উঠে এসেছে তীব্র ক্ষোভ, বেদনা ও প্রতিবাদের ভাষা।
২২ মে শুক্রবার আয়োজিত এ কর্মসূচিতে রামিশাসহ দেশজুড়ে সাত শিশুকে ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ছাতক ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ আলমগীর, আব্দুল বাকের, বাউবি ছাতক শাখার শিক্ষার্থী মোহাম্মদ জানে আলম, আবু বকর সিদ্দিক, তাওহিদ, আব্দুল কাদির, আঁখি আক্তার, বৈশাখী আক্তার, মুহাম্মদ ইব্রাহিম, ফারহানা সায়েক, আদর আলী, শাহজাহান, সজল ও সুমন মিয়াসহ অনেকে।
বক্তারা বলেন, “যে দেশে শিশু নিরাপদ নয়, সে দেশের ভবিষ্যৎও নিরাপদ নয়।” সাম্প্রতিক সময়ে একের পর এক শিশুর ওপর পাশবিক নির্যাতন ও হত্যাকাণ্ড যেন সমাজের বিবেককে নাড়া দিয়ে যাচ্ছে। তবুও অপরাধীরা থেকে যাচ্ছে ধরা-ছোঁয়ার বাইরে-এতে ক্ষোভ ও হতাশা আরও গভীর হচ্ছে।
তারা আরও বলেন, শিশু নির্যাতন আজ কেবল একটি অপরাধ নয়, এটি মানবতার বিরুদ্ধে এক নির্মম আঘাত। এই নিষ্পাপ ফুলগুলোর ঝরে যাওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পরিবার, সমাজ ও রাষ্ট্র যদি এখনই জাগ্রত না হয়, তবে এই অমানবিকতা আরও ভয়াবহ রূপ নেবে।
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে সকল শিশু ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। পাশাপাশি শিশুদের জন্য একটি নিরাপদ, সহিংসতামুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available