• ঢাকা
  • |
  • রবিবার ২৭শে বৈশাখ ১৪৩৩ সকাল ১০:৩৬:০০ (10-May-2026)
  • - ৩৩° সে:

ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে ইডেন কলেজে মধ্যরাতে বিক্ষোভ

১০ মে ২০২৬ সকাল ০৮:০৬:২৮

ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে ইডেন কলেজে মধ্যরাতে বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট: রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ৯ মে শনিবার রাত সাড়ে ১১টার দিকে শুরু হওয়া এ বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘ছাত্ররাজনীতির ঠিকানা, এই ইডেনে হবে না’ স্লোগান দেন। একপর্যায়ে তারা কলেজের প্রধান ফটকের তালা ভেঙে বাইরে বের হওয়ার চেষ্টা করেন।

চ্যানেল২৪-এর অনলাইনে প্রকাশিত খবরে জানা যায়, ৯ মে শনিবার সন্ধ্যার দিকে কলেজের ফটকে লেখা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ বাক্যটি রঙ দিয়ে মুছে ফেলার অভিযোগ ওঠে। এর প্রতিবাদে মধ্যরাতে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে মূল ফটকের সামনে জড়ো হন। পরে বিক্ষোভ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।

Ad
Ad

বিক্ষোভ চলাকালে কয়েকজন শিক্ষার্থী কলেজের কয়েকটি গেটের তালা ভাঙার চেষ্টা করেন। একপর্যায়ে মূল ফটকের তালা ভেঙে তারা বাইরে বের হন। এ সময় কলেজের সামনে টানানো একটি ব্যানার ছিঁড়ে আগুন দেওয়ার চেষ্টাও করা হয়। ব্যানারটিতে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের কয়েকজন সংসদ সদস্যকে শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের ইডেন কলেজ শাখার সভাপতি পদপ্রত্যাশী তৈয়বা ত্বাহার নাম ছিল বলে জানা গেছে।

Ad

জানা গেছে, হযরত রাবেয়া বসরী ছাত্রীনিবাসসহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা এ বিক্ষোভে অংশ নেন। পরে আন্দোলনকারীরা কলেজের মূল ফটকে কালো রঙে ‘সম্পূর্ণ রাজনীতিমুক্ত ইডেন ক্যাম্পাস’ লিখে দেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব ও দলীয় কার্যক্রমের কারণে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। তারা ক্যাম্পাসে সব ধরনের ছাত্ররাজনীতি বন্ধের দাবি জানান এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

রাত গভীর পর্যন্ত শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কলেজ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

এদিকে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ছাত্ররাজনীতিতে অংশগ্রহণ, ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা এবং রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা একজন শিক্ষার্থীর মৌলিক অধিকার।

তিনি আরও দাবি করেন, অতীতেও বিভিন্ন ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে ‘মব’ তৈরির ঘটনা ঘটেছে। তার ভাষ্য অনুযায়ী, যাদের তিনি ‘গুপ্ত সংগঠন’ হিসেবে উল্লেখ করেছেন, তাদের কর্মীরাই এসব আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল এবং পরবর্তীতে সংগঠনটির শীর্ষ পর্যায়ে এসেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us