নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হরিপুর এলাকায় ট্রাক চাপায় এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন শিক্ষার্থী আহত হয়েছে।
২০ এপ্রিল সোমবার রাত পৌনে ৮টার দিকে চুরকি মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহত আবির (১৫) পৌর শহরের স্বরূপনগরের শাহীবাগ মহল্লার সুজন মিস্ত্রির ছেলে। আহত আবু তালহা (১৩) একই এলাকার মো. পলাশের ছেলে। তারা দুজনেই শহরের সোনার মোড় এলাকার ইম্পেরিয়াল স্কুলের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে দুই শিক্ষার্থী বাইসাইকেলে হরিপুর বোর্ডঘর এলাকা থেকে বাড়ি ফিরছিল। এ সময় রাজশাহী থেকে আসা একটি ট্রাক হরিপুর মহাসড়কে পেছন থেকে তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই আবির নিহত হয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আবু তালহাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, দুর্ঘটনায় একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং আরেকজন আহত হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available